ভাড়া বাড়ানোর প্রতিবাদে একজোট দোকান মালিকেরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৮টি মার্কেটের দোকান ভাড়া বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন দোকান মালিকেরা। গতকাল সোমবার দুপুরে লালবাগের মীম কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় এ প্রতিবাদ জানানো হয়। ঢাকা সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতি তিন বছর পর মার্কেটগুলোর ভাড়া পুনর্নির্ধারণ করে সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এবার মার্কেটগুলোর ভাড়া প্রতি বর্গফুট ৫০ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ করেছে ডিএসসিসির গঠিত কমিটি, যা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ, আগে গড়ে ১৫ থেকে ১৭ শতাংশ হারে বাড়ানো হতো।
বক্তারা বলেন, আগে ভাড়া বাড়ানোর সময় দোকান মালিকদের সঙ্গে আলোচনা করত ডিএসসিসি। কিন্তু এ বছর কোনো আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা যাচ্ছে। এই সময়ে ভাড়া বাড়ালে ব্যবসায়ীদের সমস্যা হবে। এই প্রস্তাব বাতিল করা না হলে ডিএসসিসির সব মার্কেট বন্ধ করে দেবেন দোকানিরা। দোকানের কোনো ভাড়া দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, ডিএসসিসির অধিকাংশ মার্কেটেই টয়লেট, পানি ও বিদ্যুতের ব্যবস্থা নেই। ভাড়া কিছু পরিমাণ বাড়াতে হলেও আগে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। পাশাপাশি তিন বছরের পরিবর্তে পাঁচ বছর পর ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তারা জানান, নতুন প্রস্তাবনা অনুযায়ী ৭৮টি মার্কেটের মধ্যে ঢাকা নিউমার্কেটের নিচতলার ভাড়া প্রতি বর্গফুট ১৭ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা, চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলার ভাড়া ১৪ টাকা থেকে ২০ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ১১ টাকা থেকে ১৭ টাকা, তৃতীয় তলার ভাড়া ৯ টাকা থেকে ১৫ টাকা, বকশীবাজার মার্কেটের নিচতলার ভাড়া ৬ টাকা থেকে ১০ টাকা, নীলক্ষেত রোড সাইড মার্কেটের নিচতলার ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা, আজিমপুর সুপার মার্কেটের নিচতলার ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ৪ টাকা থেকে ৮ টাকা, কাঁঠালবাগান কাঁচাবাজারের মুদি, তরকারি ও মাছের দোকানের ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা, হাতিরপুল কাঁচাবাজারের ভাড়া ৮ টাকা থেকে ১৫ টাকা, সেগুনবাগিচা কাঁচাবাজারের নিচতলার ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ৯ টাকা থেকে ১৪ টাকা, নাজিরাবাজার মার্কেটের নিচতলার ভাড়া ৭ টাকা থেকে ১১ টাকা, সিদ্দিকবাজার সমবায় সমিতি মার্কেটের ভাড়া ১১ টাকা থেকে ১৬ টাকাসহ বিভিন্ন মার্কেটের ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে ডিএসসিসির গঠিত কমিটি।
মতবিনিময় সভায় সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সহসভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাজমুল হুদা, মহিলা সম্পাদিকা হেলেনা আক্তার, ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেন, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান আজাদ, নিউ সুপার মার্কেটের সভাপতি মো. সহিদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।