ভাড়া বাড়ানোয় জনজীবনে দুর্ভোগ নেমে আসবে
সরকার অযৌক্তিকভাবে সিএনজিচালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি করায় জনজীবনে দুর্ভোগ নেমে আসবে এবং সমাজে শান্তিশৃঙ্খলা বিনষ্ট হবে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতা কর্মীরা এ অভিযোগ করেন। সমাবেশে নেতারা বলেন, সরকার কদিন আগে অন্যায় ও অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন সরকার বাসমালিকদের চাপে বাস ও সিএনজিচালিত পরিবহনের ভাড়া বাড়িয়েছে। বর্ধিত মূল্য অক্টোবর-নভেম্বর থেকে কার্যকর করার ঘোষণা থাকলেও যাত্রী দুর্ভোগ গতকাল থেকেই লক্ষ করা গেছে। এ থেকে প্রমাণ হয় এ ব্যাপারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত, মোস্তফা আলমগীর, জাকির হোসেন প্রমুখ।