ভাড়াটেদের তথ্য সংগ্রহে ডিএমপির বিধিমালা নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা ২০০৬-এর ৪-এর খ ধারার একটি অংশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানির পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা ২০০৬-এর ৪-এর খ ধারা দেখিয়ে ঢাকা মহানগর এলাকায় সব বাড়িওয়ালা-ভাড়াটের তথ্য সংগ্রহ করছে পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি বিট পুলিশিং নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ১৫ মার্চের মধ্যে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে হবে। রাজধানীর সব বাসায় ফরম পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে অনেক ফরম ফেরত পেয়েছে, অনেক ফরম পায়নি। যা ১৫ মার্চের মধ্যে শেষ হবে। পরে অবশ্য আরও সময় বাড়ানো হয়। কমিশনারের এ নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হলে ১৩ মার্চ তাখারিজ হয়ে যায়।
গতকালের রিট আবেদনকারীদের আইনজীবী অনীক আর হক সাংবাদিকদের বলেন, বাড়িওয়ালা-ভাড়াটের তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা একটি রিট খারিজ হয়েছিল। ওই রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষ ডিএমপির ওই বিধিমালার অধীনে তথ্য সংগ্রহ করছে বলে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা ২০০৬-এর ৪-এর খ ধারায় বলা হয়েছে, ‘মহানগরীর কোনো এলাকাতে কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে।’ এ উপধারার ‘যেকোনো’ শব্দটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
৩ মার্চ দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এরপর শুনানি শেষে ৮ মার্চ এ রিটের আদেশের জন্য ১৩ মার্চ নির্ধারণ করেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তাঁরা হলেন আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও অমিত দাশগুপ্ত।