ভাড়ায় চলবে মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চার লাখেরও বেশি ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে, যা দিয়ে প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী পরিবহন করা সম্ভব। এই চিন্তা থেকেই ‘ডাটাভক্সসেল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান ‘স্যাম’ (শেয়ার এ মোটরসাইকেল) নামের নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। এটি মূলত একটি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। মোটরসাইকেল ভাড়া নিতে ‘স্যাম’ ব্যবহার করা যাবে। স্যাম ব্যবহার করে যাত্রীরা মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি ও ভারতীয় প্রকৌশলী মিলে অ্যাপটি তৈরি করেছেন।
গতকাল শনিবার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই অ্যাপের নানা দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ডাটাভক্সসেল লিমিটেড বাংলাদেশে ই-কমার্সভিত্তিক একটি নতুন ধরনের ব্যবসা শুরু করতে যাচ্ছে। এই স্যাম অ্যাপটি যাত্রীর (রাইডার) সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলের মালিকের (বাইকার) সংযোগ করিয়ে দেবে। যাত্রী ও মালিক স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রীরা তাঁদের টাকাও পরিশোধ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যাম অ্যাপটি সামাজিক সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের জন্য নতুন বিকল্প পরিবহনব্যবস্থা।
স্যাম যেভাবে কাজ করবে: যাত্রী ও চালকের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি ইনস্টল থাকতে হবে। এই অ্যাপে লগ ইন থাকা অবস্থায় যাত্রী দুই কিলোমিটারে এলাকার মধ্যে থাকা বাইকারের কাছে অনুরোধ পাঠাতে পারবেন। চালক সম্মত হলে অনুরোধ গ্রহণ করে যাত্রীকে তুলে তার গন্তব্যে পৌঁছে দেবেন। মাইলেজ মিটারটি দূরত্ব নির্ধারণ করবে এবং সে অনুযায়ী বিল হবে। বিল প্রদান হবে স্বয়ংক্রিয়ভাবে স্যাম অ্যাপসের ই-ওয়ালেটের মাধ্যমে। নগদ টাকা লেনদেনের প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে ডাটাভক্সসেলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাসেম বলেন, এই প্রকল্পটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। ডাটাভক্সসেলের সঙ্গে কৌশলগত সহযোগী হিসেবে থাকছে ওমেরা, রহিমআফরোজ, বিকাশ, গ্যাটকো ও অলওয়েজ অনলাইন নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে ডাটাভক্সসেলের মহাব্যবস্থাপক খালিদ বিন সালাম, কমিউনিকেশন পরিচালক এফ জেড হাসান উপস্থিত ছিলেন। অ্যাপটি অ্যানড্রয়েডের গুগল প্লে স্টোরে আগামীকাল থেকে পাওয়া যাবে।
বাণিজ্যিকভাবে মোটরসাইকেল চালুর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, সাধারণভাবে কোনো যানবাহন নামালে তাতে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিআরটিএর অনুমতি নিতে হবে। যে প্রতিষ্ঠান এ ঘোষণা দিয়েছে তারা কোনো অনুমোদন নিয়েছে কি না, তা তিনি জানেন না বলে জানান।
বিষয়টি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার শেখ মারুফ হাসান সরদার প্রথম আলোকে বলেন, তিন চাকা ও চার চাকার যানবাহন বাণিজ্যিকভাবে ব্যবহারের নিয়ম আছে, তবে দুই চাকার যানের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা আছে, তা আমরা খতিয়ে দেখছি।