ভিআইপি সড়কে অস্থায়ী ডাস্টবিন, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু ভারী বৃষ্টি হলেই শঙ্কিত হয়ে পড়েন বিজয় সরণি সংযোগ সড়কসংলগ্ন তেজকুনী পাড়ার বাসিন্দারা। হাঁটুসমান পানি জমে যায় পাড়ার অলিগলিতে। বৃষ্টি না হলে অন্য উপদ্রব। পচা আবর্জনায় একালার বাতাস পূতিগন্ধময়। দুর্ভোগ তাদের বৃষ্টি ও খরা উভয় মৌসুমেই।এলাকাবাসীর এই দুর্ভোগের প্রধান কারণ একটি অস্থায়ী ডাস্টবিন। বিজয় সরণি সংযোগ সড়কের ৩৯ নম্বর ওয়ার্ডসংলগ্ন সড়কে এই অস্থায়ী ডাস্টবিনটি গড়ে উঠেছে। এর আবর্জনা আশপাশের বিভিন্ন নর্দমায় ছড়িয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে নর্দমার সঙ্গে সঙ্গে পানি নিষ্কাশন পাইপের সংযোগ। একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খরার দিনে ওই ডাস্টবিন থেকে আসে দুর্গন্ধ।সরেজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়ক ধরে ওভারব্রিজের দিকে যেতে বাঁ দিকে ভিআইপি সড়কের পাশেই প্রায় ১৫-২০ গজ জায়গাজুড়ে গড়ে উঠেছে ওই ডাস্টবিন। সেখানে গেরস্থালি আবর্জনা, বালি ও মাটি স্তূপাকৃত। ছড়িয়ে পড়েছে মূল সড়ক পর্যন্ত। এসব আবর্জনা, পলিথিন, মাটি ও বালুতে বন্ধ হয়ে গেছে নর্দমা। তেজকুনী পাড়ার বাসিন্দা নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন, ডাস্টবিনটির কারণে এলাকায় দুই শতাধিক পরিবারকে বেশ দুর্ভোগ পোহাতে হয়। র‌্যাংগস ভবন ভাঙার পর বছর দু-এক আগে এই সড়কটি তৈরি করা হয়েছিল। তৈরির পর থেকে সড়কটি এক রকম অবহেলিত। সিটি করপোরেশনের ঝাড়ুদারেরা এদিকে পরিষ্কার তো করেই না বরং তারা আশপাশের সরকারি আবাসিক ভবন ও অন্যান্য সড়কের ময়লা-আবর্জনা মধ্যরাতে ওই স্থানে ফেলে রেখে যায়। কিছু দোকানিও ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলে রাখেন।স্থানীয় ব্যক্তিরা জানান, শুধু এলাকাবাসীর দুর্ভোগই নয়, রাস্তার ওপর ময়লা-আবর্জনা ও পলিথিন ছড়িয়ে থাকায় যানবাহনের দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ওই ডাস্টবিনটি ঘেঁষে পশ্চিম পাশেই রয়েছে গণপূর্ত বিভাগের স্টাফ কোয়ার্টার। ওইখানে সচিব ও যুগ্ম সচিবেরা থাকেন। আবার তেজকুনী পাড়ায় রয়েছে ৩৯ নম্বর ওয়ার্ডের কমিশনারের বাসা। ওসব এলাকা পরিচ্ছন্ন করা হলেও এই এলাকাটির পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ নেই। এলাকাবাসীর এ সমস্যা নিয়ে কথা বলতে গতকাল ৩৯ নম্বর ওয়ার্ড কমিশনার শামীম হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।