ভিওআইপি আউটসোর্সিং ব্যবসার বড় বাধা টেলিযোগাযোগ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিদ্যমান টেলিযোগাযোগ আইন ও নীতিমালা কোটি কোটি ডলারের ভিওআইপি আউটসোর্সিং ব্যবসার সবচেয়ে বড় বাধা বলে মত দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ২০১৫ সাল নাগাদ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আউটসোর্সিং ব্যবসায় কমপক্ষে ১০০ কোটি ডলার আয় করতে পারবে। কিন্তু সরকারের বিভিন্ন আইন ও নীতিমালার কারণে বর্তমানে দেশে ভিওআইপি একটি অবৈধ প্রযুক্তি হিসেবে চিহ্নিত। ফলে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাজ-ধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিভ সিস্টেমস আয়োজিত ‘আউটসোর্সিং অপরচুনিটি ইন ভিওআইপি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় আইটি বিশেষজ্ঞ ও রিভ সিস্টেমসের বিপণন পরিচালক সঞ্জীৎ চ্যাটার্জি। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান। ভারতীয় টাটা টেলিসার্ভিসেসের সাবেক সভাপতি সুকান্ত দে বলেন, বাংলাদেশের অনেক মেধাসম্পন্ন ব্যক্তি সিঙ্গাপুর, ব্যাংকক এমনকি যুক্তরাষ্ট্রেও নিজেদের মেধা খাটিয়ে ও অর্থ বিনিয়োগ করে ভিওআইপি আউটসোর্সিং ব্যবসা করছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মুঠোফোন অপারেটররা তাদের আইটি সার্ভিস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও কাস্টমার কেয়ার বা বিলিং বিভাগের জন্য এসব বিশেষায়িত কোম্পানিকে ভাড়া করছে।টেকনোহ্যাভেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক বেসিস সভাপতি হাবিবুল্লাহ করিম বলেন, বিদেশে আউটসোর্সিং বা আইটি ব্যবসা করতে গেলে শুধু ট্রেড লাইসেন্স লাগে। কিন্তু বাংলাদেশে এ জন্য কমিশন, সরকার, মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। লাইসেন্স পাওয়া না-পাওয়া নির্ভর করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতি-গতির ওপর। অথচ বিশ্বের শীর্ষস্থানীয় ৩০টি আউটসোর্সিং গন্তব্যের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে নিজের স্থান নিশ্চিত করেছে। অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থা-পনা পরিচালক আবদুস সালাম বলেন, বাংলাদেশে আইপি টেলিফোনির লাইসেন্স শুধু অভ্যন্তরীণ টেলিযোগাযোগের ক্ষেত্রে। অবৈধ ভিওআইপির অজুহাতে এতে বৈদেশিক টেলিযোগাযোগ নিষিদ্ধ। এ ছাড়া সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানি করতে ৫৫ শতাংশ শুল্ক দিতে হয়। ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) মাধ্যমে যোগাযোগে সমস্যা হয়। দুটির বেশি ই-ওয়ান (৩০ সংযোগবিশিষ্ট) দিতে চায় না সরকার। অন্যদিকে স্কাইপি, গুগল, ইয়াহু বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে বিনা পয়সায় দেশে-বিদেশে কথা বলা যায়। ফলে মার খাচ্ছে আইপি টেলিফোনি প্রযুক্তি। সেমিনারে ভারত, চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশের দুই শতাধিক আইটি ও টেলিকম বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।