ভিওআইপির বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার ভিওআইপির বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। বাড়ির মালিক ও ভাড়াটে মিলে এ ব্যবসা শুরু করেছিলেন। উদ্ধার হওয়া সরঞ্জামের দাম কোটি টাকার বেশি বলে র্যাব দাবি করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।সূত্র জানায়, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মগবাজার গ্রিনওয়ে আবাসিক এলাকার ৭ নম্বর বাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন কক্ষ থেকে এসব সামগ্রী উদ্ধার করে র্যাব-৪-এর একটি দল। অভিযানের সময় র্যাব-৩, রমনা থানার পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সঙ্গে ছিলেন।র্যাব-৪-এর মেজর সাব্বির সিদ্দিকী জানান, প্রযুক্তিগতভাবে শনাক্ত করে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে ৪০টি সুইচ, সহস্রাধিক সিমকার্ড, কম্পিউটার যন্ত্রাংশ, প্রচুর কেব্ল ও বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।র্যাব কর্মকর্তা জানান, ওই বাড়ির মালিকের ছেলে মহিউদ্দীন ও তাঁর বন্ধু হাসান এ অবৈধ ব্যবসার উদ্যোক্তা। তিনতলায় বাড়ির মালিকের ফ্ল্যাটে যন্ত্রপাতি রাখা হয়েছে। চারতলার একটি ফ্ল্যাট পুরো ভাড়া নিয়েছিলেন হাসান। সেই ফ্ল্যাটের দুটি কক্ষ ছিল যন্ত্রপাতিতে ভরা। ওই দুটি কক্ষেই মূল সার্ভার রাখা হয়েছে। ফ্ল্যাটের আরেকটি কক্ষে ফোরকান ও সুমাইয়া নামের এক দম্পতি থাকেন। তাঁরা যন্ত্রপাতিগুলোর তত্ত্বাবধান করতেন।র্যাব জানায়, প্রায় এক বছর ধরে ওই বাড়িতে অবৈধ যন্ত্রপাতি স্থাপন করে ভিওআইপির ব্যবসা চালানো হচ্ছিল। কোন সংস্থা তাদের ব্যান্ডউইথ সরবরাহ করছিল, তা খতিয়ে দেখবে র্যাব।র্যাবের হাতে আটক ফোরকান জানান, তাঁর চাচাতো ভাই শাহাদতের বন্ধু হাসান তাঁকে ওই ফ্ল্যাটের একটি কক্ষে বিনা ভাড়ায় থাকতে দিয়েছিলেন। তিনি এ অবৈধ কর্মকাণ্ড সম্বন্ধে কিছুই জানেন না বলে দাবি করেন।ফোরকান জানান, তাঁর পাশের দুটি কক্ষে সারা দিনই ফ্যান চলত। আর কক্ষ দুটি বাইরে থেকে তালাবদ্ধ থাকত।র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ওই দুজন পাঁচতলায় লুকিয়েছিলেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে ডেকে তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে তাঁদের আটক করা হয়। তবে হাসান বা মহিউদ্দীনকে পাওয়া যায়নি।