ভিকারুননিসা নূন স্কুলে বিজ্ঞান উৎসব
গতকাল বুধবার শুরু হয়েছে চার দিনব্যাপী প্রাণ ফ্রুটো-ভিকারুননিসা নূন স্কুল চতুর্দশ বিজ্ঞান উৎসব। প্রদীপ জ্বালিয়ে বেলা সাড়ে ১১টায় উৎসবের উদ্বোধন করেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। বিজ্ঞান উৎসবে এবারের স্লোগান, ‘প্রযুক্তির অপব্যবহারে বৈশ্বিক উষ্ণায়ন রূদ্ধ হোক/তপ্ত এ পৃথিবীর বিষাক্ত পরিবেশ শুদ্ধ হোক’। রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মেনন বলেন, বিজ্ঞানকে অবহেলা করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সবকিছুর ওপর শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভালো ফলের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মনে ও মননে সৃজনশীল করে গড়ে তুলুন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আখতার বেগম, বিজ্ঞান পরীক্ষাগারের পরিচালক মাজেদা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। উৎসবে পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, ভূমিকম্প প্রতিরোধক ভবন নির্মাণসহ বিভিন্ন ধরনের প্রকল্প প্রদর্শন করা হয়।