ভিকারুননিসার শিক্ষার্থী বাসচাপায় আহত, রিমান্ডে বাসচালক
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারিহা আহমেদকে বাসচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার বাসচালককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত আসামির নাম মো. আলামিন (২৩)।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির।
গত শনিবার বিকেলে সাড়ে চারটার দিকে রমনায় অফিসার্স ক্লাবের সামনে শিকড় পরিবহনের একটি বাস ফারিহা আহম্মেদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। ফারিহা কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি আছে।
এ ঘটনায় ফারিহার বাবা সরফুদ্দিন আহমেদ বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। পরে শিকড় পরিবহনের বাসচালক মো. আলামিনকে আটক করে পুলিশ। ওই মামলায় আটক আলামিনকে আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে রমনা থানা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে রোববার আদালত আলামিনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
শিক্ষার্থী ফারিহার বাবা সরফুদ্দিন আহমেদ রোববার প্রথম আলোকে বলেন, আমার তিন মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে অফিসার্স ক্লাবের সামনের সড়ক পার হওয়ার সময় শিকড় পরিবহনের বাসটি ফারিহাকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমার মেয়ে বেঁচে গেছে। তবে সে মাথায় আঘাত পেয়েছে। মাথার পেছনের দিকে চারটি সেলাই দিতে হয়েছে। কোমরের ডান পাশের হাড় ফেটে গেছে।