ভিকারুননিসায় আনন্দে বিষাদ
জিপিএ-৫, গড় পাসের হার—সব মিলিয়ে ভিকারুননিসা নূন কলেজের এইচএসসির ফল এবার মন্দ নয়। ঢাকা বোর্ডে সেরা ২০-এর তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছেন তাঁরা। কিন্তু ফল প্রকাশের পর পরীক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকের চিরচেনা বাঁধভাঙা আনন্দ-উল্লাসের সেই চিত্র এবার অনুপস্থিত। সামান্য মিষ্টিমুখ হলেও তা চোখে পড়ার মতো ছিল না। কেন এবার এমন ব্যতিক্রম উদ্যাপন? প্রশ্নের জবাব পাওয়া গেল তৎক্ষণাৎ। জিপিএ-৫ পাওয়া আয়েশা, রোকেয়া, নাফিসা প্রথম আলোকে বলেন, ‘পরিমলের বিচার না পাওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের আনন্দ-উল্লাস করব না। এটা আমাদের প্রতিজ্ঞা।’প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক হই-হুল্লোড় পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরিমল ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার না হলে ছাত্রীরাও স্বাভাবিক হতে পারছে না। আমাদের ছাত্রীরা তাদের বোনকে অসহায় রেখে আনন্দ-উল্লাস করতে পারছে না।’ভিকারুননিসা নূন কলেজ থেকে এবার এক হাজার ৪২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। পাস করেছেন এক হাজার ৪০৮ জন। এর মধ্যে ৯৩১ জন জিপিএ-৫ পেয়েছেন। অকৃতকার্য হয়েছেন ১৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৮১৪, মানবিক বিভাগে ২৯৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা গত শিক্ষাবর্ষের চেয়ে ভালো ফল অর্জন করেছি। অবশ্য আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক বিভিন্ন সমস্যার পরও আমাদের মেয়েরা যথেষ্ট ভালো ফল করেছে, সে জন্য আমি শুকরিয়া আদায় করছি।’