ভিকারুননিসায় লটারি শেষ, চার বিদ্যালয়ের লটারি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ২০১১ সালের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার লটারি গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ছয়টি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির লটারিও গতকাল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আরও চারটি সরকারি বিদ্যালয়ের লটারি।ভিকারুননিসা স্কুলে সকাল সাড়ে নয়টা থেকে মূল শাখার ইংরেজি মাধ্যম, সাড়ে ১১টা থেকে মূল দিবা ও বেলা তিনটা থেকে মূল প্রভাতী শাখার লটারি অনুষ্ঠিত হয়। লটারির ফলাফল www.vnsc.edu.bd ও dhakabiz.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ভিকারুননিসা স্কুলে সব মিলিয়ে প্রথম শ্রেণীতে আসন আছে এক হাজার ৫৬৮টি। এর মধ্যে শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ৭৮টি সংরক্ষিত আসনে লটারি হয়নি।গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ লটারির সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেননের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, প্রথম শ্রেণীতে ভর্তির লটারি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এদিকে ‘খ’ গুচ্ছের অন্তর্ভুক্ত মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল ও মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির লটারি গতকাল অনুষ্ঠিত হয়েছে।আজ ‘গ’ গুচ্ছের অন্তর্ভুক্ত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গণভবন সরকারি উচ্চবিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে।ওয়েবসাইটে লটারির ফল দেওয়া হয়নি: লটারি অনুষ্ঠানের আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dshe.gov.bd) সরকারি বিদ্যালয়গুলোর লটারির ফলাফল পাওয়া যাবে। কিন্তু ওই ওয়েবসাইটে ফল পাচ্ছেন না অভিভাবকেরা। কয়েকজন অভিভাবক গতকাল মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, লটারির ফলাফল তাঁরা ওয়েবসাইটে পাচ্ছেন না। এতে লটারীর স্বচ্ছতার ব্যপারে অভিভাবকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তারা বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য লটারির পরপর ফলাফল ওয়েবসাইটে দেওয়া উচিত। এটা করা হলে জনমনে প্রশ্ন উঠবে না বলে মন্তব্য করেন তাঁরা।