
সেন্টগ্রেগরী স্কুল থেকে ছেলে সুকান্তকে নিয়ে শাঁখারীবাজার যাওয়ার পথে বারবার থমকে যাচ্ছিলেন মা। চারপাশে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে বাস। এ-প্রান্ত থেকে ও-প্রান্ত দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে বারবার মাকে জড়িয়ে ধরছিল সুকান্ত আর বলছিল, ‘বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে কেন মা?’
ঘটনাটি গত বৃহস্পতিবার দুপুরের। ভিক্টোরিয়া পার্ক এলাকায় গিয়ে দেখা গেল, পার্ক ঘিরেই রয়েছে ছয়টি পরিবহনের অন্তত ৫০টি বাস। চারপাশটা রাস্তা নয়, যেন বাসস্ট্যান্ড। সঙ্গে রয়েছে প্রচুর রিকশা, লেগুনা আর ঘোড়ার গাড়ি।
ভিক্টোরিয়া পার্কের পূর্বদিকে লক্ষ্মীবাজার, পশ্চিমে শাঁখারীবাজার, দক্ষিণে লিয়াকত অ্যাভিনিউ, নর্থব্রুক হল রোড-বাংলাবাজার স্কুল হয়ে সদরঘাট। উত্তরে জনসন রোড। এসব এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ী সবাই অতিষ্ঠ এই যানজটে, যার জন্য সবাই দায়ী করেন রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকা বাসগুলোকে।
শাঁখারীবাজার যাওয়ার রাস্তার মুখেই গাজীপুর রুটের সুপ্রভাত, মিরপুরের বিহঙ্গ ও তানজিল পরিবহনের বাস। কে কার আগে দাঁড়াবে, তার প্রতিযোগিতা। গতকাল দুপুরে দেখা গেল বিহঙ্গের একটি বাসের পেছনে আরেকটি। তারপর সুপ্রভাত। মাঝে সামান্য খালি জায়গা পেয়ে বেপরোয়া বেগে ছুটে এল তানজিল। পাশ থেকে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেলেন এক রিকশারোহী। রিকশার চাকা গেল বেঁকে।
দক্ষিণে নর্থব্রুক হল রোডের প্রবেশপথে চন্দ্রা যাওয়ার আজমেরী পরিবহনের বাসের সারি। সামনে সাভার পরিবহন, রামপুরা-কুড়িল যাওয়ার ভিক্টরি পরিবহনের বাস।
এখানে এভাবে দাঁড়িয়ে যানজট বাঁধাচ্ছেন কেন? প্রশ্ন করলে সুপ্রভাতের এক কর্মীর জবাব, ‘বিনা পয়সায় খাড়াই নাই। ট্যাকস দিয়াই খাড়াই।’ কাকে ট্যাক্স দেন? জানতে চাইলে অবশ্য জবাব দেননি তিনি। ভিক্টরির কর্মী রফিক বললেন, ‘আমাগো বাস এই লাইনে পত্থম বাস। আমাগো হক বেশি।’
বাংলাবাজারের বইয়ের দোকানের একজন কর্মচারী দয়াল বললেন, ‘দ্যাখেন, হাঁটার উপায় নাই। এসব বাসের বিরুদ্ধে কেউ কিছু বলে না। পানিটোলার ব্যবসায়ী তরুণ ঘোষ বলেন, ‘এসব বাস যত দিন ঠিকভাবে না দাঁড়াবে, এলাকার যানজট কমবে না।’ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় রয়েছে জজকোর্ট, জেলা প্রশাসন কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কলেজিয়েট স্কুল। তার মধ্যেই যার যেমন খুশি রাস্তা দখল করে পুরো এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে বলেন, বিভিন্ন যানবাহন, বিশেষ করে বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, তা অবশ্যই ঠিক নয়। তার ওপর এলাকায় চলাচল করে অসংখ্য লাইসেন্সবিহীন রিকশা। তবে এলাকায় যানবাহনের তুলনায় রাস্তা এবং খালি জায়গা অনেক কম। সিটি করপোরেশনকে বলা হয়েছে। বহুতল গাড়ি পার্কিং ভবনের প্রস্তাব করা হয়েছে।