
শিশু রবিউলকে দিয়ে ভবিষ্যতে আর ভিক্ষা করানো হলে তার মা নাসিমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, শিশু রবিউল তার মা নাসিমা বেগমের জিম্মায় থাকবে। তবে রবিউলসহ চার সন্তানের কাউকে দিয়ে ভিক্ষা করানো যাবে না। ভিক্ষা করানো হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। রবিউলের মাকে প্রতি মাসে কাফরুল থানায় গিয়ে বিষয়টি অবহিত করতে হবে।
মিরপুরের কাফরুল এলাকায় ভিক্ষা করানো নয় বছরের শিশু রবিউল ইসলাম ওরফে শান্তর মা বা তাঁর পরিবারের সদস্যদের আদালতে হাজির করার জন্য ১৭ নভেম্বর পুলিশকে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ মেনে পুলিশ গতকাল রবিউলের মা নাসিমা বেগম ও রবিউলসহ তিন সন্তানকে আদালতে হাজির করে। ওই সময় রবিউলের কৃত্রিম হাত লাগানো ছিল না।
‘শিশু রবিউলকে দিয়ে ভিক্ষা করাচ্ছে পরিবার’ শিরোনামে ১৬ নভেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, গুলশানের কড়াইল বস্তিতে পরিবারের সঙ্গে থাকত শিশু রবিউল। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। কয়েক দিন পর দুই হাত কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। পরে ওই শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসা করান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুকসানা কামার। সেখানে রবিউলের কৃত্রিম হাত সংযোজন করা হয়। অথচ ওই রবিউলকে দিয়ে এখন রাজধানীর কাফরুল এলাকায় ভিক্ষাবৃত্তি করাচ্ছেন তার মা নাসিমা বেগম। রবিউলের কৃত্রিম হাতও খুলে ফেলা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুকসানা কামার। গতকাল আদালতে রুকসানা কামারও উপস্থিত ছিলেন। তিনি রবিউলের চিকিৎসা থেকে শুরু করে কৃত্রিম হাত লাগানো, তাকে স্কুলে ভর্তি করা প্রভৃতি বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করেন।