ভিক্ষাবৃত্তি ঠেকাতে কর্মসূচি
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, ঢাকাসহ সারা দেশে ভিক্ষুক জরিপ, পুনর্বাসন ও ভিক্ষাবৃত্তি নিরসনের কর্মসূচি নেওয়া হয়েছে। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তাদের পুনর্বাসনকাজ সরকার ও এনজিওগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের আসমা জেরীনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়।মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠনের (এনজিও) মাধ্যমে ঢাকা মহানগরে ভিক্ষাবৃত্তিতে থাকা জনগোষ্ঠীর জরিপ করা হবে। এ জন্য আগ্রহী এনজিওগুলোর সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে। এনজিওগুলো এ কাজে তাদের প্রস্তাব জমা দেবে। এরপর তাদের মাধ্যমে ভিক্ষুক জরিপকাজ শুরু হবে। জরিপ করা ভিক্ষুকদের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব ভিক্ষুককে পুন-র্বাসনের আওতায় আনা হবে।মোল্লা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ৩৭টি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৩৭টি দৃষ্টিপ্রতিবন্ধী হোস্টেল নির্মাণ শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়েছে। এর বাস্তবায়নকাজ দ্রুত শুরু হবে। ৪১ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প জুলাই থেকে শুরু হয়ে ২০১৪ সালের জুনের মধ্যে শেষ হবে।তারানা হালিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় ৬২ বছরের বেশি বয়সী দরিদ্র ও দুস্থ মহিলাদের বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বয়স্ক ভাতা বাস্তবায়ন কর্মসূচি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন যৌনকর্মীরাও এ কর্মসূচির আওতায় ভাতা নিতে পারবেন।শফিকুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক দুই হাজার টাকা হিসেবে ৩৬০ কোটি টাকা দেওয়া হচ্ছে।