ভিক্ষুকদের পুনর্বাসন করবে সরকার
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, ভিক্ষুকদের পুনর্বাসনে কাগজে-কলমে নয়, বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিক্ষুকদের প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের বিষয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ওই মতবিনিময়ের আয়োজন করে।‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ওই কর্মসূচি বাস্তবায়নে কৌশল ঠিক করতে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঈদের পর এ কর্মসূচি শুরু হবে। প্রথমে এক দিনে ঢাকায় ভিক্ষুকদের ওপর জরিপ চালানো হবে। এরপর সাতটি বিভাগীয় শহরে ১০ দিন জরিপ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপ করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন। অন্যান্যের মধ্যে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, জাতীয় অধ্যাপক এম আর খান, সাংসদ হাফিজ মজুমদার প্রমুখ আলোচনায় অংশ নেন।