ভিড়ের মধ্যে কামাল ঘোরাঘুরি করছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস  পর ডিবি গত ২৭ জানুয়ারি পুরান ঢাকার খাজে দেওয়ান লেনের নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে
নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি গত ২৭ জানুয়ারি পুরান ঢাকার খাজে দেওয়ান লেনের নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে

বাংলা বর্ষবরণের উৎসবে নারী লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. কামাল কারাগারে আছেন। আগামী ১৭ এপ্রিল আদালতে অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি (ক্লোজড সার্কিট) সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর পুলিশ শাহবাগ থানায় মামলা করে। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত আটজনের ছবি গত বছরের মে মাসে প্রকাশ করার পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অভিযুক্তদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। কিন্তু পুলিশ কাউকে অভিযুক্ত না করে ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

ওই সময় অভিযোগ ওঠে, ডিবি আন্তরিকভাবে তদন্ত না করায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে হয়েছে।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি কামালকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন। পিবিআই ওই মামলায় কামালকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে আনে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২৩ মার্চ আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ধার্য তারিখেও প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আগামী ১৭ এপ্রিল নতুন সময় বেঁধে দেন।

গতকাল রাতে মামলার অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে পিবিআইয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

পুলিশের ভিডিও ফুটেজে পয়লা বৈশাখের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও নারী লাঞ্ছনার অস্পষ্ট ছবি দেখা গেলেও কামালকে দেখা যায়নি। পুলিশকে একাধিকবার লাঠি দিয়ে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে দেখা যায়। তবে ধাক্কাধাক্কির আগে ও পরে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে কামালকে সাতবারের মতো ঘোরাঘুরি করতে দেখা গেছে। আর কামালের পরিবার থেকে দাবি করা হচ্ছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিটি দেখতে কামালের মতো হলেও তিনি কামাল নন।

নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি গত ২৭ জানুয়ারি পুরান ঢাকার খাজে দেওয়ান লেনের নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে। এরপর দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ডিবি পুলিশ কামালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে আবেদন করেন। কিন্তু কামাল আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে আর রিমান্ডে আনা হয়নি।

কামালের বড় ভাই মো. বাদল প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিন থেকে আমরা বলে আসছি, কামাল নারী লাঞ্ছনায় জড়িত নয়। তাকে দিয়ে নারী লাঞ্ছিত হয়েছে, এমন কোনো ছবি পুলিশের কাছেও নেই। কামাল জড়িত ছিল না বলেই আদালতে এ বিষয়ে জবানবন্দি দেয়নি।’

মামলার আগের তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, রিমান্ডে কামাল বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা স্বীকার করলেও ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে আসছেন। এখন মূল মামলা পুনরুজ্জীবিত হলে তাঁকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

কামালের স্ত্রী ও স্বজনদের দাবি, কামাল তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে প্রতিবছরের মতো গত পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ উৎসবে টিএসসি মোড়ের কাছে গিয়েছিলেন। কামালের কোলে তাঁর এক বছর বয়সী সন্তান ছিল। হঠাৎ করে প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কি হলে কামালের কোল থেকে সন্তানকে তাঁর স্ত্রী কোলে নেন। আরেক সন্তানের হাত ধরে কামালের স্ত্রী ভিড় থেকে বের হওয়ার চেষ্টা করেন।

কামালের স্ত্রী সাহিদা বেগম বলেন, কামাল তাঁদের ভিড় থেকে বের করতে সহায়তা করছিলেন। হঠাৎ তিনি তাঁদের কাছ থেকে হারিয়ে যান। কিছুক্ষণ পর কামাল খোঁজ করে তাঁদের ফিরে পান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ায় অনেকের মতো হয়তো তাঁর স্বামীর ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু তাই বলে তিনি কোনো নারীকে লাঞ্ছিত করতে পারেন না।