ভিডিও পাইরেসির হোতা বিপ্লব অস্ত্রসহ গ্রেপ্তার
ভিডিও পাইরেসি ও চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ বিপ্লব নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাঁর কাছ থেকে গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া বিভাগের কর্মকর্তা কমান্ডার সোহায়েল। গতকাল দুপুরে র্যাব কর্মকর্তারা আটক বিপ্লবকে এফডিসিতে এক প্রেসব্রিফিংয়ে নিয়ে আসেন। সেখানে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিপ্লব ভিডিও পাইরেসি করে আসছিলেন। প্রতিটি ছবি মুক্তি পাওয়ার আগেই তিনি প্রযোজকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নিতেন। চাঁদা না দিলে তিনি ওই ছবির পাইরেটেড কপি সিডি-ডিভিডির মাধ্যমে ছড়িয়ে দিতেন।কর্মকর্তারা জানান, পাইরেসি বন্ধের জন্য মেজর মাসুম আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল টাস্কফোর্স গঠন করে কাজ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর সহায়তা নিয়ে টাস্কফোর্স বুধবার দিবাগত রাতে তেজগাঁও থেকে বিপ্লবকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব অপরাধ স্বীকার করেছেন বলেও সাংবাদিকদের জানানো হয়।চলচ্চিত্রের প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু, শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু, চাষী নজরুল ইসলাম ও শেখ নজরুল ইসলাম পাইরেসির ফলে চলচ্চিত্র শিল্পের কী ক্ষতি হয়েছে তার বর্ণনা দেন। চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা বিপ্লবের কঠিন শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন।সংবাদ সম্মেলন শেষে বিপ্লবকে নিয়ে যাওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। র্যাবের মেজর মাসুম আহমেদ জানিয়েছেন, বিপ্লবের বিরুদ্ধে থানায় ভিডিও পাইরেসি আইন ও অস্ত্র আইনে মামলা করা হবে। এদিকে প্রযোজক পরিবেশক সমিতির মুখপাত্র আশরাফুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিপ্লবের শাস্তি নিশ্চিত করতে আদালতে সমিতির পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে।