ভিন্ন দাবি নিয়ে মাঠে 'সাধারণ' ও 'সচেতন' শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোরেলের বিকল্প রুটের দাবিতে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা টিএসসির সামনে সংহতি সমাবেশ করেন l ছবি: প্রথম আলো
মেট্রোরেলের বিকল্প রুটের দাবিতে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা টিএসসির সামনে সংহতি সমাবেশ করেন l ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের রুট যাওয়া নিয়ে এর পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার কয়েক গজ দূরে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে পক্ষে ও ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিপক্ষের শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় তাঁরা রাস্তায় নিজেদের দাবির পক্ষে লেখালেখি ও আঁকাআঁকি করেন।
সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে মেট্রোরেলের পক্ষের ‘সচেতন শিক্ষার্থীরা’ অবস্থান নেন। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘যুক্তি দিয়ে মুক্তি মেলে না, মুক্তির ক্ষেত্রে আপস করি না’। তাঁরা রাস্তায় লেখেন, ‘আমাদের দাবি মানতে হবে, মেট্রোরেল দিতে হবে’, ‘টু বি ফাস্ট, মেট্রোরেল ইজ মাস্ট’ ইত্যাদি। এ ছাড়া তাঁরা ‘টু বি ডিজিটাল, মেট্রোরেল ইজ এসেনশিয়াল’, ‘নিরাপদে যাব ঢাবি, মেট্রোরেল আমাদের দাবি’, ‘সময় বাঁচাও, মেট্রোরেল দাও’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
ক্ষণিকা বাসের নির্বাহী কমিটির সভাপতি মুশফিক হাসান প্রথম আলোকে বলেন, প্রতিদিন যানজটের কারণে উত্তরা, কাফরুল, মিরপুর, গাজীপুর থেকে যাঁরা আসেন, তাঁদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এতে অনেক সময়ের অপচয় হয়। বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের স্টেশন হলে সবারই বিশ্ববিদ্যালয়ে আসতে সুবিধা হবে।
এ সময় তাঁরা আগের দিনের মানববন্ধনে ব্যবহার করা ক্ষণিকা, বৈশাখী ও চৈতালী বাসে যাতায়াতকারী অনাবাসিক শিক্ষার্থীর ব্যানারও ব্যবহার করেন। নিজেদের অনাবাসিক শিক্ষার্থী পরিচয় দিলেও সকাল থেকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা মিছিল করে কর্মসূচিতে যোগ দেন।
অন্যদিকে, এর কয়েক গজ দূরেই টিএসসির সড়কদ্বীপের কাছে মেট্রোরেলের বিকল্প রুটের দাবিতে অবস্থান নেন ‘সাধারণ শিক্ষার্থীরা’। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘উন্নয়নবিরোধী নই, বিকল্প রুট চাই’। তাঁরাও রাস্তায় নিজেদের দাবির পক্ষে ‘মেট্রোরেলের বিকল্প রুট, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট’, ‘নো মেট্রোরেল থ্রো ডিইউ’ ইত্যাদি লেখেন। তাঁরা রাস্তায় সাপ আকৃতির মেট্রোরেলের ছবিও আঁকেন। তাঁরা ‘ঢাবির বুক চিরে মেট্রোরেল হবে না’, ‘দাবি মোদের একটাই—বিকল্প রুট চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
এই আন্দোলনের সমন্বয়ক তাইশা তাশরীন প্রথম আলোকে বলেন, আমরা মেট্রোরেলের বিরোধিতা করছি না। আমরা মেট্রোরেল চাই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে নয়। এর রুট পরিবর্তন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে রেলপথ গেলে শিক্ষা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঐতিহাসিক স্থাপনাগুলো হুমকির মুখে পড়বে। প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপেও এ কথা বলা আছে।
এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।