ভর্তি পরীক্ষার ফলাফলে নিজের ভুল স্বীকার করে পদত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী এ বি এম ইকবাল। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ‘ভুলের কারণ’ খুঁজতে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে গতকাল রোববার তিনি পদত্যাগ করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভুল স্বীকার করে নিজের দায়িত্ববোধ থেকে তিনি পদত্যাগ করেছেন। এটি প্রশংসনীয়। আমি তাঁর উদ্যোগকে স্বাগত জানাই।’কাজী এ বি এম ইকবালের পদত্যাগের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে গতকাল নতুন ডিন হিসেবে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়।চলতি শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা এতে আপত্তি জানান। কর্তৃপক্ষ প্রকাশিত ফল যাচাই-বাছাই করার পর নিজেদের ভুল স্বীকার করে গত ২৫ ডিসেম্বর তা বাতিল করে। একই সঙ্গে ‘ভুলের কারণ’ খুঁজতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির তত্ত্বাবধানে ৩ নভেম্বর ‘ঘ’ ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।একাধিক সূত্র জানায়, ভর্তি পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যের সঙ্গে সমন্বয় না করে নিজেই ফল প্রকাশের কাজ করেছিলেন এ বি এম ইকবাল। এ কারণে প্রকাশিত ফলে বড় ধরনের ভুল হয়। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমে তাঁকে না রাখার সুপারিশ করা হয়।তদন্ত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ফলাফল ভুল হওয়ার পেছনে ওই ডিনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি।’ এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবেন বলে তিনি জানান।তবে কাজী এ বি এম ইকবাল প্রথম আলোকে বলেন, ‘দায়দায়িত্ব নিয়েই পদত্যাগ করেছি। ভুল যেহেতু হয়েছে, তাই আর থাকা যায় না।’