জামিন জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার চারজনও জামিনে
ভুয়া কাগজে জামিন নেওয়া রুবেল-মিথুন গ্রেপ্তার হননি
গুলশানে দম্পতি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি মো. রুবেল ও মিথুন চন্দ ভুয়া কাগজপত্র দিয়ে জামিন নিয়ে পালিয়ে গেছেন ১০ মাস আগে। এরপর আর তাঁদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, রুবেল ও মিথুনের খোঁজ পাওয়া যাচ্ছে না।জালিয়াতির মাধ্যমে এই জামিনে সহায়তাকারী দুই আইনজীবীসহ যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁরাও আবার জামিনে মুক্তি পেয়েছেন।গত বছরের ২৪ মার্চ গুলশান থানার কালাচাঁদপুরে ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে ঘরে ঢুকে তাঁদের দুই মেয়ের সামনে গুলি করে হত্যা করেন রুবেল ও তাঁর বন্ধু মিথুন। হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে ওই দুজনসহ সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র দেওয়া হয়। তাতে বলা হয়, রুবেলের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় ওই দম্পতিকে হত্যা করা হয়। অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন রুবেলের বোনের স্বামী মহিউদ্দিন রাব্বী ও অস্ত্রের জোগানদাতা আলতাফ হোসেন। তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছিল।গত ৬ জুন এই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে পলাতক রুবেল ও মিথুনকে মৃত্যুদণ্ড, আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড ও রাব্বীকে বেকসুর খালাস দেওয়া হয়।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, হাইকোর্টে ভুয়া কাগজপত্র দাখিল করে চলতি বছরের ২৩ জানুয়ারি জামিন নেন রুবেল ও মিথুন। গত ২৭ জানুয়ারি তাঁরা কারাগার থেকে মুক্তি পান। ভুয়া কাগজপত্র দিয়ে জামিন নেওয়ার বিষয়টি আদালতের নজরে এলে ৯ ফেব্রুয়ারি আদালত তাঁদের জামিন বাতিল করেন এবং তাঁদের গ্রেপ্তার নিশ্চিত করতে পুলিশকে আদেশ দেন। কিন্তু জামিনে কারাগার থেকে বের হয়ে দুজনই পালিয়ে যান।ডিবির সূত্র জানায়, নিহত দম্পতির বড় মেয়ে জামিন জালিয়াতির অভিযোগে মে মাসে শাহবাগ থানায় মামলা করেন। এ-সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ১ জুন হাইকোর্ট ওই জালিয়াত চক্রকে ধরতে ডিবিকে নির্দেশ দেন। ৮ জুন রাব্বীকে আবার গ্রেপ্তার করে ডিবি। ওই ঘটনায় ১০ জুন গ্রেপ্তার করা হয় আইনজীবী মনির হোসেন, মনিরুজ্জামান ও তাঁদের সহযোগী ফারুক আহম্মেদকে। এই তিনজন ১৪ লাখ টাকার বিনিময়ে জামিনের জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং তা আদালতে উপস্থাপন করা হয়। তাঁদের সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের কাজ করেন ইতিমধ্যে জামিনে ছাড়া পাওয়া রাব্বী।জামিন জালিয়াতি মামলার তদারককারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, পাঁচ বছর ধরে এই জালিয়াত চক্র মোটা টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্র আদালতে উপস্থাপন করে আসামিদের জামিন করিয়ে দিচ্ছিল। হাইকোর্টের নির্দেশে ডিবি দুই আইনজীবীসহ জালিয়াত চক্রের চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা গত অক্টোবরে জামিনে মুক্তি পেয়েছেন।রুবেল ও মিথুনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মো. শহীদুল্লাহ বলেন, শোনা যাচ্ছে, তাঁরা বিদেশে পালিয়ে গেছেন।আতঙ্কে নিহত দম্পতির দুই মেয়ে, পুত্রবধূ: এদিকে রুবেল ও মিথুন ভুয়া কাগজপত্রে জামিন নিয়ে পলাতক থাকায় আতঙ্কে রয়েছেন নিহত দম্পতির দুই মেয়ে ও পুত্রবধূ। আতঙ্কে থাকার কথা জানিয়ে পুত্রবধূ প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। দুই ননদসহ তিনি ভাড়া বাসায় থাকেন। রুবেল ও মিথুন কারাগার থেকে বের হওয়ার পর থেকে তাঁরা আতঙ্কে কয়েকবার বাসা পরিবর্তন করেছেন। তিনি বলেন, পরিচিতদের মাধ্যমে তাঁরা শুনেছেন রুবেল ঢাকাতেই আছেন, তিনি তাঁর বাড়িতেও নাকি গিয়েছিলেন।