গুলশানে দম্পতি খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল ও মিথুনের জামিন জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন আজাদ ওরফে রাব্বি স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাঁর জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার আদালত মহিউদ্দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আদালত সূত্র জানায়, মহিউদ্দিন আদালতে তাঁর জবানবন্দিতে রুবেল ও মিথুনের জামিন জালিয়াতির জন্য আইনজীবীকে সহযোগিতার কথা স্বীকার করেন। জবানবন্দিতে মহিউদ্দিন বলেন, গত বছরের মার্চে রুবেল ও তাঁর বন্ধু মিথুন ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে খুন করেন। ওই দম্পতি রুবেলের সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর কিছুদিন পরই রুবেল ও মিথুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। গত ২৩ জানুয়ারি তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। ২৭ জানুয়ারি জেল থেকে বের হন। জামিন জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর তাঁরা আত্মগোপন করেন। মহিউদ্দিন আরও বলেন, রুবেল ও মিথুন ভুয়া কাগজপত্র দিয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন। এ জন্য দালাল ফারুক, আইনজীবী মনির হোসেন ও মনিরুজ্জামান তাঁদের সহায়তা করেন। জামিন আবেদনের সঙ্গে আদালতে যেসব কাগজপত্র (সার্টিফায়েড কপি) দেওয়া হয়, তার সবই ছিল ভুয়া। মামলার এজাহারের বিবরণও বিকৃত করা হয়। শুধু আসামির নাম ও মামলা নম্বর থাকে। এ কাজে আইনজীবী ১৪ লাখ টাকা নেন। রাব্বি ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। গত ১২ জুন দালাল ফারুক ও আইনজীবী মনির হোসেন ও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।