ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার শিকার যুক্তরাষ্ট্রপ্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার শিকার হলেন সাদেকুর রহমান নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল ভুয়া। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার রাতে নগরের আর কে মিশন রোড থেকে সফিকুর রহমান নেওয়াজ নামের একজনকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানা সূত্র জানায়, কয়েক দিন আগে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে সাদেকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে শাহবাগ থানায়। এর ভিত্তিতে তাঁকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তদন্তে মামলাটি ও গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া প্রমাণিত হয়েছে। এ ঘটনায় নগরের আর কে মিশন রোডের বাসিন্দা সফিকুর রহমান জড়িত ছিলেন বলে পুলিশ তথ্য-প্রমাণ পায়। এরপর ৯ জানুয়ারি প্রতারণার শিকার সাদেকুর বাদী হয়ে সফিকুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। বাদী সাদেকুর জানান, সফিকুর রহমান জাল-জালিয়াতি করে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছিলেন। এ ঘটনায় তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে আবেদন করেন। পুলিশ সদর দপ্তর সন্দেহ করেছে, পুরো ঘটনায় নারায়ণগঞ্জের একজন পুলিশ সদস্য জড়িত থাকতে পারেন। শাহবাগ থানার ওসি বলেন, সাদেকুর ও গ্রেপ্তার সফিকুর সম্পর্কে ভায়রা। তাঁকে হয়রানি করতেই সফিকুর প্রতারণা করেছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে।