ভুয়া চিকিৎসকসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শনিবার দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দুটি প্রতিষ্ঠানের সব সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটি হলো, মোহাম্মদপুরের হুমায়ুন রোডের নিউ মেডিল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার ও সিপিএল ডায়াগনস্টিক সেন্টার। নিউ মেডিল্যাবের পাঁচজন ও সিপিএলের চারজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে মেডিল্যাবের অন্যতম অংশীদার ও ভুয়া চিকিৎসক শাহানা জামানকে দুই বছর, একই প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট উজ্জ্বল কুমার, দালালচক্রের সদস্য জাহেদা বেগম, তাসলিমা বেগম ও রুবেল হোসেনকে ছয় মাসের এবং সিপিএলের এনামুল হক, রাহেলুল ইসলাম, মইনুল হক ও শাহিনুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সূত্র জানায়, এ দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। দুটি প্রতিষ্ঠানের নিবন্ধনও নেই। র্যাবের নির্বাহী হাকিম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, দণ্ড পাওয়া শাহানা জামান আদালতের কাছে স্বীকার করেন, তিনি ইউনানি আয়ুর্বেদীয় মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। কিন্তু তিনি চিকিৎসার ব্যবস্থাপত্রে তাঁর নামের নিচে ‘এমবিবিএস’ লিখে দীর্ঘদিন ধরে অ্যালোপেথিক চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর নিযুক্ত দালালচক্র বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগীদের নিয়ে আসে। চিকিৎসার নামে তিনি রোগীদের বিভিন্ন পরীক্ষা করতে দেন। নিজের প্রতিষ্ঠানেই করা হয় এসব পরীক্ষা। পরীক্ষার প্রতিবেদনে একজন চিকিৎসকের সিল মেরে কর্মচারীরাই স্বাক্ষর করে দেন। নির্বাহী হাকিম জানান, সিলে নাসিম রায়হান, অ্যাসিসটেন্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব প্যাথলজি, সিকদার উইমেন মেডিকেল কলেজ লেখা আছে। মেডিল্যাবের দণ্ড পাওয়া ব্যক্তিরা আদালতের কাছে দাবি করেন, ওই চিকিৎসকের অনুমতি নিয়েই তাঁরা সিল মেরে স্বাক্ষর করে আসছিলেন। সিপিএল সম্পর্কে নির্বাহী হাকিম বলেন, সিপিএলের এক্স-রে কক্ষটি বেশ ঝুঁকিপূর্ণ। এক্স-রে মেশিনটি বেশ পুরোনো। তা ছাড়া নিবন্ধন ছাড়াই এখানে যেনতেন প্রকারে পরীক্ষা করা হয়। এখানেও দালালদের মাধ্যমে রোগীদের নিয়ে আসা হয়।এদিকে দণ্ড পাওয়া শাহানা দালালদের মাধ্যমে রোগী নিয়ে আসার কথা সাংবাদিকদের সামনেও অকপটে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিনি ইউনানি বিএএমএস পাস করেছেন, যা এমবিবিএসের সমতুল্য। জনসাধারণকে বোঝানোর জন্য তিনি এমবিবিএস লিখেছেন। আদালতের রায়ে তিনি তা করছেন বলেও দাবি করেন। নির্বাহী হাকিম বলেন, এ ব্যাপারে আদালতের কোনো রায় নেই। তিনি আরও বলেন, সিপিএলের চিকিৎসকদের কাউকে পাওয়া যায়নি। যে চিকিৎসকদের সিলমোহর ব্যবহার করা হয় তাঁদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।