ভুয়া পিএইচডি, ধরা পড়লেন আরইবির কর্মকর্তা
জালিয়াতি করে পিএইচডি ডিগ্রি অর্জনের অভিযোগে ধরা পড়লেন অরুণ কুমার লাহিড়ী নামের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এক কর্মকর্তা। তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি আরইবির টিম্বার প্রোডাক্টস স্পেশালিস্ট।গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যানের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জনের কাগজপত্র সমতা বিধানের জন্য পাঠালে এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে।ইউজিসির কর্মকর্তারা জানান, আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া নামের একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের কাগজপত্র সমতা বিধানের জন্য অরুণ কুমার লাহিড়ী শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি ইউজিসিকে যাচাইয়ের জন্য পাঠায়। আবেদনপত্রের সঙ্গে থিসিসের কপি কমিশনে জমা দেওয়া হয়। বিষয় হিসেবে লেখা হয় ‘অ্যানভায়রনমেন্টাল স্টাডি অন সাসটেন্যাবল উড প্রিজারভেশন অ্যান্ড ম্যানগ্রোভ প্লান্টেশন ইন কনটেক্সট অব বাংলাদেশ’। থিসিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে তত্ত্বাবধায়ক হিসেবে দেখানো হয়েছে, যিনি বর্তমানে ইউজিসির চেয়ারম্যান। ২৩ ফেব্রুয়ারি সমতা বিধান কমিটির সভায় এই পিএইচডি ডিগ্রি ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র ভুয়া প্রমাণিত হয়।এ অবস্থায় গতকাল লাহিড়ীকে ইউজিসিতে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের জবাবে তিনি জানান, ধানমন্ডির আম্বালা ভবনে (রোড-২) অবস্থিত সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আমার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করছেন। অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁকে চিনিও না। আমার সইও জাল করা হয়েছে।’ইউজিসির চেয়ারম্যানের কক্ষে অভিযুক্ত অরুণ লাহিড়ী বলেন, ‘আমি অপরাধের ফাঁদে পড়েছি। আমার চাকরি আর দুই মাস আছে। আমাকে ক্ষমা করে দিন।’ পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়।