ভুয়া পুলিশ পরিচয়ে তরুণীর একান্ত মুহূর্তের ছবি হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ
পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণীকে ফাঁদে ফেলে তাঁর একান্ত মুহূর্তের ছবি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাজী কামরুল হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ বলেছে, গাজী কামরুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত ৪ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার মনিটরিং সেলের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ব্ল্যাকমেল করে তরুণীর একান্ত মুহূর্তের ছবি হাতিয়ে নিয়ে চাঁদা দাবির অভিযোগে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। কামরুল বাসের লাইনম্যান। তবে কেন তিনি এমন অপরাধে জড়িয়েছেন, সেটি খুঁজে বের করা হচ্ছে।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ভুক্তভোগী তরুণী রাজধানীর উত্তরায় বসবাস করেন। গত ৮ জানুয়ারি তিনি বাসায় অবস্থান করছিলেন। দুপুরের দিকে তাঁর মুঠোফোনে কল আসে। কলটি ধরার পর কামরুল নিজেকে সিআইডির পরিদর্শক বলে পরিচয় দেন। নাম বলেন মেহেদী হাসান। পরে তরুণীর করা আগের একটি মামলার (তরুণীর বন্ধু যে মামলায় আসামি) ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। একপর্যায়ে তরুণীর কাছে একান্ত মুহূর্তের ছবি পাঠাতে বলেন কামরুল। সরল বিশ্বাসে তরুণী কিছু ছবি পাঠান। একই সঙ্গে আগের মামলায় কিছু সংশোধনী আনার জন্য তরুণীর কাছে পাঁচ হাজার টাকা চান তিনি। তখন বিকাশে পাঁচ হাজার টাকা পাঠান ওই তরুণী ।
এ ঘটনার পর তরুণী তাঁর এক বন্ধুর কাছে ঘটনাটি জানান। টেলিফোনে কল করা ব্যক্তির ব্যাপারে বন্ধুর সন্দেহ হয়। এতে তরুণী সিআইডির ঢাকা অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন, মেহেদী হাসান নামের কোনো পুলিশ পরিদর্শক নেই।
এরপর হাতিয়ে নেওয়া একান্ত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর কাছে দুই লাখ টাকা দাবি করেন কামরুল। এরপর সিআইডির সাইবার পুলিশ সেন্টার তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে কামরুলকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আসামি কামরুল বাসের লাইনম্যান হলেও তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁর মুঠোফোনটি জব্দ করা হয়েছে।