ভূ-উপরিস্থ পানি উত্তোলনে জোর ওয়াসার, প্রয়োজন বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভের পানি উত্তোলনের ফলে প্রতিবছর পানির স্তর যেমন নিচে নামছে, তেমনি বাড়ছে দূষণ ও পরিবেশগত নানা বিপর্যয়ের আশঙ্কা। এ অবস্থায় ভূ-উপরিস্থ (নদ-নদীর) পানি উত্তোলনের ওপর জোর দিচ্ছে ঢাকা ওয়াসা। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে আরও বিনিয়োগ প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ভূ-উপরিস্থ পানি: ঢাকা ওয়াসার ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ওয়াসার শীর্ষ কর্মকর্তারা এ কথা বলেন। ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার বিভাগ এ বৈঠকের আয়োজন করে।বৈঠকে মূল প্রবন্ধে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা প্রতিদিন ২১০ কোটি লিটার পানি সরবরাহ করছে। এই পানির ৮৭ শতাংশই ভূগর্ভ থেকে তোলা হচ্ছে। এ কারণে প্রতিবছর ঢাকায় ভূগর্ভের পানির স্তর দুই থেকে তিন মিটার পর্যন্ত নিচে নামছে, ভূমি ধসের আশঙ্কা তৈরি হচ্ছে, ভূ-উপরিস্থ পানির উৎসগুলো নষ্ট হচ্ছে।তাকসিম বলেন, সায়েদাবাদ পানি পরিশোধন কেন্দ্রসহ চারটি কেন্দ্রে বর্তমানে ভূ-উপরিস্থ পানি পরিশোধন করা হচ্ছে। ভূ-উপরিস্থ উৎস থেকে আরও বেশি পানি উত্তোলনের জন্য সায়েদাবাদ (পর্যায়-২), সায়েদাবাদ (পর্যায়-৩), পাগলা ও খিলক্ষেত পরিশোধন কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে আগামী ১০ বছরে ব্যয় হবে ১০ হাজার ৮৫০ কোটি টাকা। তিনি বলেন, বাংলাদেশে খুব কম দামে গ্রাহকের কাছে পানি সরবরাহ করা হয়। তাই পানির দাম বাড়ানো উচিত। বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ক্রমাগত ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। বর্তমানে ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে ওয়াসা ২১০ কোটি লিটার পানি গ্রাহকের কাছে সরবরাহ করছে বলে তিনি জানান। স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, বস্তির মানুষ পানির জন্য ধনীদের চেয়ে বেশি টাকা ব্যয় করেন। পানির দাম বাড়ানো কোনো রাজনৈতিক ব্যাপার নয়। মানুষকে যদি দুর্গন্ধমুক্ত ভালো পানি সরবরাহ করা হয় তাহলে তারা দাম বাড়ানোর সিদ্ধান্তে সায় দেবে। এ জন্য ওয়াসাকে সেবার মান বাড়াতে হবে, দুর্নীতি কমাতে হবে।অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঢাকার ৩০ শতাংশ মানুষ বস্তিবাসী। তাদের সঙ্গতির সঙ্গে মিল রেখে পানির দাম নির্ধারণ করতে হবে। যদি সার্বিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়, তাহলে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, পানির দাম বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো করে বাড়ালে গ্রাহক তা মানবে না।শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, ওয়াসা শুধু সরবরাহ নিয়ে কথা বলে, চাহিদা কমানো নিয়ে কথা বলে না। গ্রাহকপর্যায়ে কীভাবে চাহিদা কমানো যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, পানির দাম বাড়ানো উচিত। তবে একই সঙ্গে বস্তিবাসীসহ দরিদ্র মানুষের কাছে বিনা মূল্যে সরবরাহের বিষয়টিও ওয়াসাকে নিশ্চিত করতে হবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, এলাকা অনুযায়ী পানির দাম বাড়ানো উচিত। গুলশান-বনানী এলাকায় দাম বাড়িয়ে অন্য এলাকাগুলোতে কম রাখা যেতে পারে। ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বোর্ডের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, ওয়াটার এইডের এ দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।