ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরতা ৭০ শতাংশে উন্নীত করা হবে
আগামী এক দশকের মধ্যে ঢাকা মহানগরের ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরশীলতা ৭০ শতাংশে উন্নীত করা হবে। কমানো হবে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা। এ লক্ষ্যে ওয়াসার পক্ষ থেকে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল শনিবার এক সেমিনারে এ কথা বলেন। ঢাকা ওয়াসা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। ‘ঢাকা ওয়াসা: কার্যক্রম, চ্যালেঞ্জ ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই সেমিনারে তাকসিম এ খান বলেন, বর্তমানে ঢাকা মহানগরের সরবরাহ করা পানির মাত্র ১৩ শতাংশ ভূমির ওপরের উৎস থেকে সংগ্রহ করা হয়। সেমিনারে উত্থাপিত প্রবন্ধে তাকসিম এ খান বলেন, বর্তমানে ঢাকা ওয়াসার ৬২০টি গভীর নলকূপ, চারটি পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ২১২ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। কিন্তু পানির চাহিদার পরিমাণ ২১০ থেকে ২২৫ কোটি লিটার। ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির আওতায় ওয়াসাকে ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় পানির উৎপাদন বাড়ানো, পদ্ধতিগত লোকসান ৩০ শতাংশ কমিয়ে আনা, রাজস্ব আয় বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং অনলাইনে বিল পরিশোধ পদ্ধতি চালু করা হবে। বাপার সভাপতি এএসএম শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান কামাল, পানি বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ আহমেদ, ওয়াসার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।