ভূ-উপরিস্থিত পানির উৎসে নির্ভরতা বাড়াচ্ছে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার সরবরাহের পানির ২২ শতাংশ আসছে ভূ-উপরিস্থিত উৎস থেকে। চার বছর আগে এর পরিমাণ ছিল ৯ শতাংশ। ২০২১ সালে ৭০ ভাগ পানি ভূ-উপরিস্থিত উৎস থেকে পাওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল, অনেক আগেই তা পূরণ হবে। গতকাল বৃহস্পতিবার ‘পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা: ঢাকা ওয়াসার অর্জন’ বিষয়ে এক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা বলেন নগরের পানি ও পয়োনিষ্কাশন দেখভালের দায়িত্বে থাকা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ঢাকা ওয়াসা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ উদ্যোগে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানির ওপর অতি নির্ভরশীলতা ঢাকা শহরের পরিবেশগত ভারসাম্য নষ্ট করে দিয়েছে। এই নগরে ভূমিধসের আশঙ্কা বেড়ে গেছে বহুগুণ। এই অবস্থা থেকে উত্তরণে ভূ-উপরিস্থিত উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর বিকল্প নেই। প্রবন্ধে বলা হয়, ওয়াসার সরবরাহ এলাকায় এখন দৈনিক পানির চাহিদা ২১৩ থেকে ২২৫ কোটি লিটার। তবে এখন প্রথমবারের মতো এই চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন করে ওয়াসা। ওয়াসার উৎপাদনক্ষমতা এখন ২৪২ কোটি লিটার। সেমিনারের সভাপতি পানি বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ বলেন, পানি ও পয়োনিষ্কাশনে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারছে না, এটা নিশ্চিত।সুপেয় পানি ও পয়োনিষ্কাশনের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতির দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ঢাকা ওয়াসার পানির সরবরাহ বাড়লেও সরবরাহ করা পানি কতটুকু সুপেয়, সে প্রশ্ন তোলেন বাপার যুগ্ম সম্পাদক জে কে বড়াল। বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান রহমত উল্লাহ। সেমিনারে পানি বিশেষজ্ঞ, গবেষক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।