ভূতের গলির ১১ বাড়িতে দুই মাস ধরে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার ভূতের গলির ১১টি বাড়িতে গত মে মাস থেকে পানি নেই। শুধু ভূতের গলিই নয়, এলাকার সার্কুলার রোড ও নর্থ সার্কুলার রোডেও পানির সংকট চলছে। ভূতের গলির বাসিন্দা মো. সারোয়ার প্রথম আলোকে বলেন, ওয়াসার লোকজন সমস্যা চিহ্নিত করতে দুবার তাঁদের গলিতে সরেজমিনে পরিদর্শন করেছেন। বলে গেছেন, টাকা-পয়সা দিলে লাইনে পানি পাওয়া যাবে।স্থানীয় লোকজন জানান, সংকটের সাময়িক সমাধানের জন্য পানি কিনতে গিয়েও তাঁরা ওয়াসার কাছ থেকে সহযোগিতা পাননি। নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেছেন, পানি সবরাহের জন্য ভূতের গলিতে গাড়ি পাঠাবেন। কিন্তু পাঠাননি। নুরুল ইসলাম এখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ফোনও ধরেন না। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।ভূতের গলির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার ১৫, ১৬, ১৭, ১৮, ১৮/১, ১৮/২, ১৯, ২০, ২০/১, ২০/২ ও ২১ নম্বর বাড়িতে দুই মাস ধরে পানি পাওয়া যাচ্ছে না। মূল লাইনে পানি আছে, কিন্তু সংযোগ লাইনে কোনো পানি নেই। এ নিয়ে এলাকার লোকজন লালমাটিয়ার ওয়াসা অফিসে (জোন-৩) বেশ কয়েকবার অভিযোগ করেছেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম তাঁদের অভিযোগ আমলে নেননি। ২০/২ নম্বর বাসার বাসিন্দা সুফিয়া বেগম বলেন, ছয় মাস ধরে এই গলিতে পানির সংকট। আগে বালতি-কলসি নিয়ে প্রস্তুত থাকলে রাতে পানি মজুদ করা যেত। এখন এক ফোঁটা পানিও আসে না। রমজানে এলাকার মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এলাকার সার্কুলার রোড ও নর্থ সার্কুলার রোডেও পানির সংকট চলছে বলে এলাকাবাসী জানান। ইস্টার্ন প্লাজার পেছন থেকে গ্রিন রোড পর্যন্ত লম্বালম্বি এই গলির দুই পাশের বাসাবাড়িগুলোতে এক বেলার বেশি পানি পাওয়া যায় না। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভূতের গলির বাসিন্দারা পানি পাচ্ছেন না, এ অভিযোগ সত্য নয়। রোববার থেকে টানা ১২-১৪ ঘণ্টা সেখানকার পানির পাম্প বন্ধ ছিল। তাই এলাকার সব বাড়িতে পানির সংকট দেখা দেয়। আজ (গতকাল) থেকে পাম্প আবার চালু হয়েছে। পানির সংকট আর থাকবে না।