ভূমি কার্যালয়, বাফা, আহসান মঞ্জিলে যাওয়ার রাস্তা বেহাল

একদিকে কোতোয়ালি ভূমি কার্যালয়, অন্যদিকে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)। কোথাও যাওয়ার উপায় নেই। রাস্তায় বড় বড় গর্ত করা হয়েছে। পয়োনালা (ড্রেনেজ লাইন) সংস্কার হচ্ছে বলে এই দশা। তবে কবে সেই সংস্কারকাজ শেষ হবে, তা কেউ বলতে পারছেন না।
ভূমি কার্যালয়ে ঢুকতে গিয়ে হাটখোলা এলাকা থেকে আসা রফিকউল্লাহ ক্ষোভের সঙ্গে বললেন, ‘উন্নয়নকাজ করছে ভালো কথা, কিন্তু মানুষকে এমন কষ্ট দিয়ে কেন। ব্যবস্থাপনা ঠিক রেখে অন্তত হাঁটার পথটা তো চালু রাখা যায়।’
ওই কার্যালয়ের একজন কর্মকর্তা রফিকউল্লাহর ক্ষোভ শুনে বলেন, যাতায়াতে একটু সমস্যা হচ্ছে ঠিক, কিন্তু পরে ভালো ফল পাওয়া যাবে নিশ্চয়ই।
পুরান ঢাকার পাটুয়াটুলী থেকে ওয়াইজঘাটের প্রান্তসীমা পর্যন্ত রাস্তাটি প্রায় বন্ধ হয়ে আছে ১৫ দিন ধরে। এখানে বহুতল ভবন করা হচ্ছে রাস্তার অর্ধেক অংশে নির্মাণসামগ্রী রেখে। সিটি করপোরেশন রাস্তা খুঁড়ে ধ্বংসাবশেষ রেখেছে রাস্তার ওপর। অব্যবস্থাপনার কারণে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে কোতোয়ালি ভূমি কার্যালয়, বুলবুল ললিতকলা একাডেমি ছাড়াও ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে।
পাটুয়াটুলী থেকে ওয়াইজঘাটে ঢোকার মুখে রিকশার জট। পূর্ব দিকে ঐতিহ্যবাহী হোমিওপ্যাথিক দোকান এম ভট্টাচার্যসহ আশপাশের দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে প্রায় এক বছর আগে। এখন সেখানে বহুতল বিপণিবিতান হচ্ছে। সেই ভবনের নির্মাণসামগ্রী রাস্তার ওপরে রাখা হয়েছে।
কিছুদূর এগিয়ে গেলে একদিকে মুন কমপ্লেক্স, বিপরীত দিকে স্টার কমপ্লেক্স (সাবেক মুন ও স্টার সিনেমা হল)। সামনের রাস্তা খোঁড়া হয়েছে কিছুদিন আগে। পরে খোঁড়া গর্ত ভরাট করা হয়েছে নিতান্তই দায়সারাভাবে। চলার পথে রিকশা উল্টে যাওয়ার অবস্থা। পথচারী হোঁচট খান। গুলশান আরা মার্কেটের সামনে রাস্তার ওপর রড বিছানো, বালুর স্তূপ। দুজন ক্রেতা বিরক্তি প্রকাশ করে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যাতায়াতের দুরবস্থা নিয়ে।
আহসান মঞ্জিলে যাওয়ার রাস্তাটি একেবারেই বন্ধ। রাস্তায় ফেলে রাখা হয়েছে স্ল্যাবের বড় বড় টুকরা। ভ্যানগাড়ি দাঁড় করিয়ে বাঁশের লাঠি রাখা হয়েছে। এক পাশে জননী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। একজন কর্মচারী বললেন, সারাক্ষণ ধুলাবালু। রাস্তার এমন অবস্থার কারণে ক্রেতা কমে গেছে। আহসান মঞ্জিলের একটি প্রবেশপথ বন্ধ। একজন প্রহরী বললেন, অপর একটি পথে দর্শনার্থীরা আসছেন। কিন্তু এ অবস্থা কত দিন চলবে?
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর অঞ্চলের। যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী তৌহিদ সিরাজ প্রথম আলোকে বলেন, ‘এলাকায় একসঙ্গে অনেকগুলো উন্নয়নকাজ শুরু হওয়ায় শ্রমিকসংকট হয়েছে; যার জন্য এ সমস্যা। বিষয়টা ইচ্ছাকৃত নয়। দিন দশেকের মধ্যে আশা করি সমস্যা মিটে যাবে।’