ভূমি ব্যবহার আইনে অবৈধ দখল রোধের সুপারিশ
অবৈধ দখল রোধে কঠোর ব্যবস্থা রেখে কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন চূড়ান্ত করার দাবি জানিয়েছেন আইনজীবীসহ নাগরিক সমাজ ও এনজিও প্রতিনিধিরা।গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের খসড়া বিষয়ে নাগরিক মতামত’ শীর্ষক কর্মশালায় এ কথা বলা হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এ কর্মশালার আয়োজন করে।কৃষিজমি সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন, ২০১১’-এর খসড়া তৈরি করেছে সরকার।খসড়া আইনে কয়েকটি বাস্তবায়ন কমিটির উল্লেখ আছে। কর্মশালার সভাপতি এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বাস্তবায়ন কমিটিতে নাগরিক সমাজের অংশগ্রহণ রেখে জবাবদিহির বিষয়টি স্পষ্ট করতে হবে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন বাস্তবায়নে স্বতন্ত্র ফোরাম গঠন করা যেতে পারে। তিনি আইনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাখার সুপারিশ করেন।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি পরিচালক সারা হোসেন বলেন, আইন চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিতে হবে।কর্মশালায় এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হক, কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা শিরিন আকতার প্রমুখ বক্তব্য দেন।