খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীসহ সারা দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। এ আতঙ্ক দূর করতে বিশেষজ্ঞদের অংশগ্রহণে পাঁচ পর্বের একটি গোলটেবিল সেমিনারের আয়োজন করা হবে। এ ছাড়া ভূমিকম্প মোকাবিলায় কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, এসব বিষয় নিয়ে মানুষের দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে একটি প্রকাশনা বের করা হবে। প্রকৌশলীদের সংগঠন ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এফপিডি) এ উদ্যোগ নিয়েছে। গতকাল রাজধানীর শেলটেক লাউঞ্জে সংবাদ সম্মেলনে বক্তারা এ তথ্য জানান।এফপিডি নেতারা বলেন, ভূমিকম্প-বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ পর্বের এ গোলটেবিল সেমিনার ২৯ সেপ্টেম্বর শুরু হবে। সংগঠনটি একটি সুপারিশমালা নিয়ে আগামী নভেম্বরে সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করবে। মুনাজ আহমেদ নূর বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ও কেন সেগুলো ঝুঁকিপূর্ণ, এ নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য এসেছে। সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কমপ্রিহেনসিভ ডিজেস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) প্রতিবেদনকে উদ্ধৃত করে অনেকে বলছেন, ঢাকা শহরের ৭২ হাজার ঘরবাড়ি ত্রুটিপূর্ণ। কিন্তু এই বাড়িগুলো কেন ঝুঁকিপূর্ণ, তা এখনো জানা যায়নি। এফপিডির চেয়ারম্যান তৌফিক এম সেরাজ বলেন, সেমিনারের তথ্য জনসাধারণের মধ্যে বিরাজ করা ভীতি দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।