ভূমিকম্প-প্রতিরোধী নকশা ছাড়া রাজধানী ঢাকায় ভবন নির্মাণের অনুমোদন না দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভবন নির্মাণের আগে ৮ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প সহনীয় নকশা রাজউকে দাখিল করা বাধ্যতামূলক করার কথাও বলেছে কমিটি।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আজিজুল হক চৌধুরী, সামশুল ইসলাম, হামিদা বানু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সরকারকে আগে থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে। সম্প্রতি হাইতি ও চিলিতে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সুপারিশ করা হয়েছে। সভায় আরও বলা হয়, রাজধানীতে যেভাবে অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে উঠছে তাতে ঝুঁকির মাত্রা ক্রমশ বাড়ছে। রাজধানী পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। সভায় একজন সদস্য বলেন, রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও উদ্ধারকাজের জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে না। কমিটির সভাপতি এ ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী এ কে খন্দকার জানান, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।সভায় রাজউকের প্লট বরাদ্দ না পাওয়া ব্যক্তিদের টাকা দ্রুত ফেরত দেওয়ারও সুপারিশ করা হয়। একই সঙ্গে যাঁরা প্লট পেয়েছেন তাঁদের দ্রুততম সময় প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। সভায় জানানো হয়, অনেক মানুষ মাসের পর মাস ধরে টাকা পাচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউককে নির্দেশনা দেওয়া হয়।সভা শেষে অলি আহমদ সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই এটি বেশি বিপজ্জনক। এখন থেকে যাঁরা ভবন বা স্থাপনা তৈরি করবেন, তাঁরা ভূমিকম্প-প্রতিরোধী নকশা তৈরি করে রাজউকে জমা দিয়ে প্রত্যয়নপত্র নিয়ে ভবন বা স্থাপনা তৈরি করবেন। ভবন বা স্থাপনা তৈরি শেষ হলে রাজউক তা পরীক্ষা করে দেখবে অনুমোদিত নকশা অনুসরণ করে তা তৈরি হয়েছে কি না। ভূমিকম্প-প্রতিরোধী নকশা ছাড়া রাজধানীতে কোনো ভবন নির্মাণ করা যাবে না।