ভূমিকম্প প্রস্তুতি অনুশীলন শুরু
বাংলাদেশের আবাসন খাতে নজরদারি কম। আইন রয়েছে কিন্তু মাঠপর্যায়ে প্রয়োগ কম। গতকাল সোমবার আর্মি গলফ ক্লাবে ঢাকার ভূমিকম্প ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।আলোচনা অনুশীলনের (টেবিল টপ এক্সারসাইজ) মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে চার দিনের এ অনুশীলন। ১৯ সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা ও পুরান ঢাকায় মাঠ প্রশিক্ষণ অনুশীলন হবে। ২০ সেপ্টেম্বর কর্মসূচি শেষ হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ, মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় আর্মি ন্যাশনাল গার্ডের উপ-অধিনায়ক জোসেফ জে শ্যাভেজ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদউল্লাহ বক্তব্য দেন।লে. জেনারেল আবদুল ওয়াদুদ বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে দেশের মাত্র ১১ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাতে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় দেড় লাখ। অথচ ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর দেশের ৪০ শতাংশ এলাকাকে ক্ষতিগ্রস্ত করলেও মারা যায় তিন হাজার মানুষ। ২০০৯ সালে আইলায় নিহত হয় ১৭০ জন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১৩টি দেশের ১৭০ জন এই অনুশীলনে অংশ নিচ্ছেন।