ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা সৃষ্টির বিশেষ কার্যক্রম শুরু করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এর অংশ হিসেবে আজ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর শহরের সাত লাখ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করা হচ্ছে। গতকাল সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।জাতীয় প্রেসক্লাবে গতকাল সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বলা হয়, ওই লিফলেটে ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও পরে ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্রে প্রতিটি ব্যক্তির করণীয় সম্পর্কে বলা হয়েছে। এটি অনুসরণ করা হলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমবে।সংবাদ সম্মেলনে সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ এম এস আকবরের উপস্থাপিত মূল বক্তব্যে বলা হয়, গত ঈদুল ফিতরের সময় কয়েক দফা ভূমিকম্প দেশের মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে। তাই ভূমিকম্পের সময় সাধারণ মানুষের করণীয় কী, তা সবাইকে জানানো দরকার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই উদ্যোগই নিয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর শহরকেন্দ্রিক একটি করে স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদের প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ওই চারটি শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৮টি ওয়ার্ডে একটি করে ২৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদেরও ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকম্পে করণীয় সম্পর্কে ধারণা, অগ্নি-মহড়া ও প্রাথমিক চিকিৎসা বাক্স দেওয়া হয়েছে। ১৫টি কমিউনিটি স্বেচ্ছাসেবক দল ও ১০টি জনগোষ্ঠীকে প্রশিক্ষণ এবং চিকিৎসা ও উদ্ধারের কিছু হালকা সরঞ্জাম দেওয়া হয়েছে।এ ছাড়া ১৫টি ওয়ার্ডে ভূমিকম্প সম্পর্কে সচেতনতামূলক পথনাটক করা হয়েছে। ১৫টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে প্রায় ২০ হাজার পরিবারকে সচেতনতামূলক সাক্ষাৎ, ক্যালেন্ডার ও স্টিকার দেওয়া হয়েছে। ৩০টি বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করে তাদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে দুর্যোগের সময় প্রয়োজনে দ্রুত রক্ত সংগ্রহ করে তা সঞ্চালন করা যায়।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ছয় মাসের মধ্যে এই চারটি শহরের ৫৫টি বিদ্যালয়, আটটি মহাবিদ্যালয় ও ১৮টি ওয়ার্ডে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া চারটি ‘ইউনিট ডিজাস্টার রেসপন্স দল’কে ‘হালকা সন্ধান ও উদ্ধার সরঞ্জাম’ এবং ‘ব্যাপক হতাহত বিশেষ প্রাথমিক চিকিৎসা বাক্স’ দেওয়া হবে। এসব উপকরণ সংরক্ষণের জন্য চারটি শহরভিত্তিক বিশেষ গুদাম তৈরি করা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০০৫ সাল থেকে ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ করছে। এ কাজে প্রথমে গ্রামীণফোন ও পরে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) এবং হংকং রেডক্রস আর্থিক সহায়তা দিয়েছে। বর্তমানে সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।