ভূমিকম্প মহড়া দেখলেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
হঠাৎ ভবনের পাশের গাছগুলো দুলে উঠল। ভবনগুলোও যেন দুলছে। তিনটি ভবনের একটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। কয়েকজন ছাত্র একটি স্ট্রেচার ও ফাস্টএইড বক্স নিয়ে ছুটছে। সাইরেন বাজিয়ে মই ও পানি নিয়ে মাঠে ঢুকল ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও অ্যাম্বুলেন্স। স্কুলব্যাগ দিয়ে মাথা ঢেকে সারিবদ্ধভাবে ভবন থেকে অনেক ছাত্র বের হয়ে খোলা মাঠে দাঁড়িয়েছে। শুরু হলো উদ্ধার-তৎপরতা।রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার আসা অতিথিরা দেখলেন ভূমিকম্পের মহড়ার এই দৃশ্য। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ গতকাল এ মহড়া প্রদর্শন করে। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ভূমিকম্পে আত্মরক্ষার ওপর এ মহড়া দুর্যোগসহনশীল জাতি গঠনে বর্তমান সরকারের প্রচেষ্টা সফল করতে সহায়ক হবে।দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মার্গারেটা ওয়ালস্ট্রম বলেন, মহড়া দেখে তিনি অভিভূত। এ ধরনের মহড়া শিশুদের জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকর হবে। তিনি বলেন, ১০ লাখ নিরাপদ স্কুল গড়ার জন্য বিশ্বব্যাপী প্রচারণা কর্মসূচি চলছে। তা সফল হলে লাখ লাখ শিশুর জীবন রক্ষা করা যাবে। এ প্রচারণায় অংশ নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।