ভূমিকম্পে রাজধানীতে ১২টি ভবন ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীতে ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান বলে বাসসের খবরে বলা হয়।

সরকারি দলের মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাথমিক তদন্ত করে এসব ভবন ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুয়েটের পরামর্শ মোতাবেক ভবন মালিকদের সম্পূর্ণ বা ভবনের অংশ বিশেষ অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মোশাররফ হোসেন বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে ভবন মালিকদের জানানো হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও সেসব ভবন বসবাসের অনুপযোগী ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার কর্তৃপক্ষের।

চট্টগ্রাম মহানগরে অবস্থিত ঝুঁকিপূর্ণ ইমারত চিহ্নিত করার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি তালিকা পাঠানো হয়েছে। উচ্চ মাত্রার ভূমিকম্পে ঝুঁকির বিষয়ে বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সরকারি দলের সাংসদ সলিনা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা শহরে ৬ হাজার ৪৬৮টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত ৫ হাজার ২৫টি। এগুলোর মধ্যে ২৪৩টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য সংরক্ষিত। এরই মধ্যে ২ হাজার ৬৯৭টি বাড়ি বিক্রি করা হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে ১ হাজার ১৫টি বাড়ি অবমুক্ত করা হয়েছে।