ভূমিদস্যুদের কারণে সুপেয় পানির উৎস কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিদস্যুরা অপরিকল্পিতভাবে নদী-খাল ভরাট করে দিয়ে সুপেয় পানির উৎস কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।পানিসম্পদমন্ত্রী বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। পানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে বাউইন। রমেশ চন্দ্র সেন আলোচনায় বলেন, জনসংখ্যার চাপে রাজধানীতে জমি কমছে। পাশাপাশি ভূমিদস্যুরা ঢাকার চারপাশের নদী-খাল দখল ও ভরাট করে পানির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে। ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ার কারণে ঢাকায় ভূমিকম্পের ক্ষতির ঝুঁকি বাড়ছে বলেও স্মরণ করিয়ে দেন মন্ত্রী। তিনি জানান, পানির স্তর নেমে যাওয়ার সমস্যা মোকাবিলায় সরকার ১৬২ কিলোমিটার নদী খননের উদ্যোগ নিয়েছে। সভায় দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে: বাউইনের সদস্য এবং জল পরিবেশ ইনস্টিটিউটের নির্বাহী সভাপতি ম ইনামুল হকের ‘ঢাকা শহরের পানি সরবরাহ: ধারণা এবং বাস্তবতা’ ও সংগঠনের আরেক সদস্য ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজহারুল হকের ‘ঢাকা শহরে পানি সরবরাহে সততা ও স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও করণীয়’।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এস ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, ঢাকায় পানি সরবরাহের জন্য এখন আর ভূগর্ভস্থ পানি যথেষ্ট নয়। এ জন্য ভূমির উপরিভাগের পানির দিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিদ্যুতের সমস্যার কারণেও প্রয়োজনমতো পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আলোচনার সঞ্চালক টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান চাহিদার তুলনায় পানি সরবরাহের ঘাটতির কারণে অনিয়মের সুযোগ তৈরি হয়। পানিসহ সব ধরনের সেবার মানোন্নয়নে স্বচ্ছতা, সততা ও জবাবদিহির বিকল্প নেই। প্রস্তাবিত জাতীয় পানি আইন চূড়ান্ত করার আগে খসড়া আইনটি জনসমক্ষে প্রকাশ ও সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নিয়ে এগোনোর পরামর্শ দেন তিনি। আলোচনায় উঠে আসা অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চ্যালেঞ্জকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পানি সরবরাহ কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, নদী ও জলাশয় দখল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও যথাযথ বাস্তবায়ন, জাতীয় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নীতিমালা ১৯৯৮ ও জাতীয় পানিনীতি ১৯৯৯-এর কার্যকর বাস্তবায়ন, সরকারি ক্রয়-বিক্রয়বিষয়ক সব সিদ্ধান্ত জনসমক্ষে স্বপ্রণোদিতভাবে প্রকাশ ইত্যাদি। সভায় ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।