ভূমিদস্যুদের খপ্পর থেকে ডুমনি খাল রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলদার আর দূষণকারীদের সঙ্গে লড়াই করে ঢাকার প্রতিটি খালই আজ প্রায় মৃত। খিলক্ষেতের পাশে ইছাপুরের ডুমনি খাল এখনো হারিয়ে যাওয়ার তালিকায় আসেনি। তবে এই খালটির ওপরও ভূমিদস্যুদের নজর পড়েছে। তাদের খপ্পর থেকে এটি রক্ষা করতে হবে।ডুমনি খালকে ভূমিদস্যুদের থাবা থেকে রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। ‘জনতাই রুখবে ভূমিদস্যুদের আস্ফাালন’ শীর্ষক এই মানববন্ধন আয়োজন করে বেসরকারি সংস্থা নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বক্তারা ডুমনি খাল রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। বক্তারা বলেন, ঢাকাতে প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে কোনো না কোনো জলাধার কিংবা তার অংশবিশেষ। তেমনি একটি জলাধার ডুমনি খাল। প্রস্তাবিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এ খালটিকে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে। ভূমিদস্যুরা খালটি স্থায়ীভাবে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছে। খালের মধ্যখানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের নিজস্ব সম্পত্তি বলে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসূল, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, লোকসংগীতসম্রাট আবদুল কুদ্দুস বয়াতী, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের সদস্য মশিউর রহমান রুবেল প্রমুখ।