ভূমিদস্যুদের প্রতি হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
অসহায় দরিদ্র মানুষকে ব্যবহার করে অবৈধ বস্তি ও স্থাপনা নির্মাণকারী মালিক এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও মানবিক সাহায্যের আশ্বাস দিয়ে বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল। তাই আগুন ধরার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা উদ্ধার তৎপরতা, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের আহার, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দিতে ঝাঁপিয়ে পড়েছেন। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক, আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান ও সাদেক খান। বিজ্ঞপ্তি।