ভেজাল তেল, জুস, চানাচুর তৈরির দায়ে মালিক জেলে
বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ১৭টি পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রীতি ফুড প্রোডাক্টস। এ অপরাধে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিক হারুন উর রশিদ ওরফে পরাগকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর বড় মগবাজারের নিউ সার্কুলার রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযানে অংশ নেন, বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ, মাঠ কর্মকর্তা এস এম আবু সাঈদ ও সঞ্জয় কুমার সরকার, র্যাব-৩ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা আড়াইটার দিকে ১৩৬/ডি-২ নিউ সার্কুলার রোড নূরজাহান টাওয়ারের তৃতীয় তলায় প্রীতি ফুড প্রোডাক্টসে অভিযান চালান। বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানটি সয়াবিন তেল, সরিষার তেল, আমের জুস, ললিপপ, প্রীতি কিং টাইগার, লিচু জারসহ ১৭টি পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। আদালত প্রতিষ্ঠানের মালিক হারুন উর রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম উদ্দিনকেও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর একটি আদালত রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার রাজা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই আদালত রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার প্রেসিডেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান। সেখানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায় আদালত ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত শ্যামলী রিং রোডে সোলনা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে রুটি, বিস্কুট, চানাচুর ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় আদালত ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।