দেশে খাবারে ভেজাল মেশানোর অনৈতিক কর্মকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে। জাতীয় এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও জনবল বাড়ানোর পাশাপাশি কঠোর আইন ও এর বাস্তবায়ন দরকার। গতকাল বুধবার রাজধানীতে ‘জাতীয় জীবনে ভেজাল খাদ্যের ঝুঁকিপূর্ণ প্রভাব’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ অভিমত দেওয়া হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও বেসরকারি সংস্থা আরডিআরএস এর আয়োজন করে।ডেইলি স্টার-এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় আলোচকেরা বলেন, কোনো ধরনের সনদ ছাড়াই বাজারে খাবার বিক্রি হচ্ছে।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রয় বৈঠকে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।প্রতিবেদনে বলা হয়, মিষ্টি, সন্দেশ, দই, ঘি, ছানা, সস, ডালডা, সয়াবিন, আইসক্রিমসহ কিছু পণ্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, ৭৬ দশমিক ৩২ শতাংশ খাবারেই ভেজাল। আলোচকেরা জানান, খাবারে অন্তত ২০০ ধরনের বিষাক্ত পদার্থ ব্যবহার করা হচ্ছে। কিন্তু এসব নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র ১০টি ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, ‘সমস্যা সমাধানে একটি সংসদীয় কমিটি করা দরকার, যাঁরা ভেজালের বিষয়টি পর্যবেক্ষণ করবেন।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, জাতীয় খাদ্যনিরাপত্তা পরামর্শক কাউন্সিলের উচিত দীর্ঘ পরিকল্পনা নিয়ে এ সমস্যা সমাধানে কাজ করা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘শুধু বিএসটিআইয়ের পক্ষে এত বিরাট একটি সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে একমত হয়ে এ বিষয়ে কাজ করতে হবে।’ ডেইলি স্টার-এর প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘কঠোর পরিশ্রম করে আয় করা টাকায় যদি ভেজাল খাবার কিনে সমস্যায় পড়তে হয়, তার চেয়ে দুঃখের আর কী হতে পারে?’ খাবারে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়, সেগুলোর ওপর উচ্চ কর আরোপের প্রস্তাব করেন মাহফুজ আনাম। ঢাকা সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, ফরমালিন ছাড়া অন্য রাসায়নিকগুলো পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তাঁদের নেই। গবেষণাগারগুলোতে যেমন লোকবল বাড়ানো উচিত।