ভেজাল রং বাজারজাত করায় তিনজনের কারাদণ্ড
রঙে ভেজাল দেওয়া এবং সেই রং বিদেশি কোম্পানির নামে বাজারজাত করার দায়ে গতকাল বুধবার তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যবসায়ীরা হলেন মো. আলী হোসেন (৪০), মো. আলমাছ খান (৪৫) ও রুবেল হোসেন (২৭)।
র্যা ব জানায়, বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার শহীদনগরে একটি রঙের কারখানায় অভিযান চালান। এই অভিযানে র্যা ব-১০-এর একটি দল ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট) কর্মকর্তারা সহায়তা করেন। আদালত দেখতে পান, ইটের গুঁড়ায় চকপাউডার মিশিয়ে সিমেন্ট পাউডার ও দেয়ালের রং তৈরি করছে। এগুলো জার্মানির বেয়ার কোম্পানির নামে আয়রন রেড অক্সাইড এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি নামকরা কোম্পানির নামে কম দামে বাজারজাত করা হচ্ছে। এর দায়ে খাজা এন্টারপ্রাইজের মালিক আলী হোসেনকে এক বছর, একই এলাকার সাগর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আলমাছ ও সাথী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রুবেল হোসেনকে এক মাস করে কারাদণ্ড দেন। এ সময় এসব প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২০০ বস্তা ভেজাল ও নকল রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।