ভেজালবিরোধী আদালত আবার মাঠে নামছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছেন। ওজনে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ আগস্ট প্রায় ৪৪ হাজার লিটার রূপচাঁদা সয়াবিন তেল বাজেয়াপ্ত করেন। ওই ঘটনার পর এক মন্ত্রীর হস্তক্ষেপে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে অভিযান শুরুর এক দিন পরই বন্ধ হয়ে যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।জানা গেছে, খাদ্যে ভেজাল রোধ ও বেআইনিভাবে মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকারের গঠিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায়। এ ধরনের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত চালু রেখে খাদ্যে ভেজাল ও মূল্যবৃদ্ধি রোধের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী হাইকোর্টে রিট করেন।রমজান মাস সামনে রেখে ১০ আগস্ট থেকে চারটি ভেজালবিরোধী বিশেষ অভিযান শুরু করেছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। জেলা প্রশাসকের কার্যালয়ের ৯ আগস্টের এক বিজ্ঞপ্তিতে বলা ছিল: ১০, ১১, ১২, ১৬, ১৭, ১৮, ১৯, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০, ৩১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা জানান, নকল, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত বন্ধে আজ বৃহস্পতিবার থেকে মাসব্যাপী অভিযান চলবে।