ভেজালবিরোধী আদালত দণ্ড দেন অপরাধীর স্বীকারোক্তি অনুযায়ী
ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানকালে আপাতদৃষ্টিতে দোষ-ত্রুটি দেখে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বীকারোক্তি অনুযায়ী দণ্ড দিচ্ছেন। নির্ধারিত পণ্য বা খাদ্যদ্রব্যটি কতটা নকল, ভেজাল বা ত্রুটিপূর্ণ, তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিএসটিআইয়ের নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে এভাবে কাজ করতে হচ্ছে। বিএসটিআইয়ের যে শুধু যন্ত্রপাতির অভাব, তা নয়। সংকট রয়েছে দক্ষ জনবলেরও। একইভাবে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয় জোড়াতালি দিয়ে। এই আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য কোনো গাড়ি নেই। রিকুইজিশন করা গাড়ি দিয়ে কোনোমতে আদালত পরিচালনা করা হয়। কখনো কখনো গাড়ির অভাবে অভিযান পরিচালনা ব্যাহত হয়, বন্ধও থাকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দ নেই। এ খাতে বিএসটিআইয়েরও কোনো টাকা নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে ভ্রাম্যমাণ পরীক্ষাগার থাকা প্রয়োজন। আর এতে প্রয়োজন বর্ণালি উৎপাদন ও নিরীক্ষণ যন্ত্র বা বর্ণালিবীক্ষণ যন্ত্র (নির স্পেকট্রসকপি), পিএইচ, টিডিএস রিফেকটোমিটার, লেড, আর্সেনিক, কপার, ফরমালিন ও কার্বাইড কিটস বক্স। এসব যন্ত্রের সাহায্যে খাবারসহ বিভিন্ন পণ্য তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে গুণাগুণ বের করা সম্ভব হয়। সূত্র জানায়, বর্ণালিবীক্ষণ যন্ত্রের সাহায্যে গুঁড়ো দুধ, ফাস্টফুড (পাউরুটি, বিস্কুট, কেক, বার্গার প্রভৃতি), মাংসজাতীয় খাবার, মাংসের কিমা, ডিম ও আইসক্রিমের গুণাগুণ পরীক্ষা করা যায়। যেকোনো পণ্যের কাঁচামাল, প্রোটিন, ফ্যাট, খাবারে চিনির পরিমাণ, অ্যালকোহল, মিনারেল, চায়ে কেফিনের পরিমাণ, খনিজ লবণ, ভোজ্যতেলে ট্রান্স ফ্যাটি এসিড, শিশুখাদ্যে আর্দ্রতা, প্রোটিন, ফাইবার প্রভৃতি পরীক্ষা করা যায়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে খাদ্য বা পণ্যসামগ্রীর গুণ বা মান তাৎক্ষণিক প্রকাশ্যে পরীক্ষা-নিরীক্ষা করা গেলে তাতে যথার্থ আইন প্রয়োগ করা সম্ভব হবে। আর পরীক্ষাগারে পাঠানো হলে তা অপ্রকাশ্য থেকে যায়। তাৎক্ষণিক পরীক্ষার সময় ক্রেতা-ভোক্তাসহ সংশ্লিষ্ট সবার সামনে পরীক্ষা করা হলে কারও মনে কোনো সন্দেহ থাকবে না। জানতে চাইলে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ পরীক্ষাগার অত্যন্ত ব্যয়বহুল। তবে জনস্বার্থে এটি খুবই প্রয়োজন। তিনি জানান, ওজন ও পরিমাণ বিভাগের জন্য একটি অত্যাধুনিক পরীক্ষাগার ইতিমধ্যে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। জনবল সংকটের কথাও স্বীকার করেন তিনি।ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার প্রথম আলোকে জানান, ম্যাজিস্ট্রেটদের তীব্র গাড়িসংকট রয়েছে। এ কারণে অভিযান ব্যাহত হচ্ছে।