ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে সব খাবার ভেজালমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে দেশের আটটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজানে যেসব খাদ্যের বেশি চাহিদা থাকে, সেসব খাবারে বেশি মুনাফার লোভে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মেশাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে জাতিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বড় হচ্ছে আগামী প্রজন্ম। সরকারকে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিষ ও ভেজালমুক্ত ইফতারসামগ্রী নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রেলইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটরযান, নৌযান ও কলকারখানার পোড়া তেল ও মবিল মিশ্রিত তেল দিয়ে রমজানে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী ভাজা হয়। এ ছাড়া একই তেল বারবার ব্যবহার করার ফলে তা বিষাক্ত হয়ে যায়। রাসায়নিক রং ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভোজ্য তেল তৈরি করা হয়। এতে বয়স্ক ও শিশুদের মধ্যে ক্যানসার-জাতীয় রোগের লক্ষণ দেখা যাচ্ছে। গর্ভবতী মা ও তাঁর পেটের ভ্রূণের ক্ষতি হয়, সন্তানও ক্যানসার, কিডনিসহ মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করে ইফতারসামগ্রীর বাজার নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি মেশানো ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ ও নিরাপদ খাদ্য আইন-২০১৩ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
‘পরিবেশ বাঁচাও আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি হাফিজুর রহমান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, পল্লীমা গ্রিনের সদস্যসচিব আনিসুল হোসেন, পবার সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম খান, জন-উদ্যোগের সদস্যসচিব তারিক হোসেন, গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ অনির্বাণ সমাজকল্যাণ সংঘের সভাপতি মো. বাবুল প্রমুখ বক্তব্য দেন।