ভোগান্তি কমাতে গিয়ে বাড়ল আরও দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডা, শাহজাদপুর, বারিধারা জে-ব্লক, ভাটারা, প্রগতি সরণিসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমাতে সংস্কারের কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু সেই কাজ আর শেষ হয়নি। উল্টো সেই নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখায় মানুষের ভোগান্তি বেড়েছে। ছবিটি শাহজাদপুর থেকে তোলা l প্রথম আলো
উত্তর বাড্ডা, শাহজাদপুর, বারিধারা জে-ব্লক, ভাটারা, প্রগতি সরণিসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমাতে সংস্কারের কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু সেই কাজ আর শেষ হয়নি। উল্টো সেই নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখায় মানুষের ভোগান্তি বেড়েছে। ছবিটি শাহজাদপুর থেকে তোলা l প্রথম আলো

বৃষ্টির জমে থাকা পানি সরাতে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হবে—এ উদ্দেশ্য সামনে নিয়ে শুরু হয়েছিল নির্মাণকাজ। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের শাহজাদপুরে নির্মাণকাজের নমুনা দেখে সে ধারণা উবে গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, সবই হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে।

উত্তর বাড্ডা, শাহজাদপুর, বারিধারা জে-ব্লক, ভাটারা, প্রগতি সরণিসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রায় সাড়ে আট কোটি টাকায় স্ট্রম স্যুয়ার (বৃষ্টির পানি প্রবাহ) পাইপলাইন তৈরি করছে। প্রায় সাড়ে ছয় ডায়ামিটার পাইপলাইন বসছে এসব এলাকার সড়কে, যার এক প্রান্তে রয়েছে বাড্ডার সুতি খাল।

এলাকা ঘুরে জানা যায়, স্ট্রম সুয়্যার লাইন নির্মাণ করতে গিয়ে প্রায় দুই মাস ধরে প্রথমে জে-ব্লক, ভাটারা এবং পরে শাহজাদপুরে কাজ হচ্ছে। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইপ বসানোর জন্য গর্ত খোঁড়ার আগেই বেশ কিছু মোটা পাইপ সড়কে জড়ো করা হয়। সেটা এক দুর্ভোগ। পড়ে গর্ত খুঁড়ে পাশেই রাস্তাজুড়ে রাখা হয় মাটি। চলাচলে শুরু হয় আরও দুর্ভোগ। ধুলায় ধূসরিত হয়ে থাকে এলাকার দোকানপাট। বৃষ্টি হলে সেখানে যোগ হয় দুর্ভোগের নতুন মাত্রা। বর্তমানে সড়কের অনেকখানি অংশে রাখা হয়েছে ইট। সড়কে ইটগুলো এমনভাবে রাখা হয়েছে, যেন এটা খোলা কোনো আঙিনা।

শাহজাদপুরে এলজি, বাটারফ্লাইয়ের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে ফ্রিজ কিনতে এসেছেন শফিকুর রহমান ও তাঁর স্ত্রী। থাকেন মধ্য বাড্ডায়। বললেন, রাস্তার যে অবস্থা, ফ্রিজকিনে রিকশাভ্যানে করে নেওয়ার সময় রাস্তাতেই নষ্ট হয়ে যায় কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত।

বিক্রয়কেন্দ্রের একজন কর্মী বললেন, সড়কের এক পারে যানবাহনের ভিড়, আরেক পারে ভাঙা। তাঁরা বড় ধরনের সমস্যায় আছেন।

আল আমিন ট্রাভেলসে এসেছেন রকিবুল হোসেন নামের এক ব্যক্তি। তিনি প্রশ্ন করেন, বর্ষাকালে এ ধরনের কাজ আর কত দিন চলবে?

 কয়েকজন দোকানি বলেন, তাঁরা জানতে পেরেছেন, এলাকার ড্রেনেজ ব্যবস্থার সমাধানের জন্য উন্নয়নকাজ হচ্ছে। এটা তাঁদের জন্য ভালো। কিন্তু দীর্ঘ সময় রাস্তা খুঁড়ে রাখা, যেখানে খুশি পাইপ ও ইট ফেলে রাখা, রাস্তা বন্ধ করে রাখা—এগুলো কেন করা হয়? অনেক সময় এলাকায় কোনো তত্ত্বাবধায়ককেও তাঁরা পান না, যাঁর কাছে তাঁদের ভোগান্তির কথা জানাবেন।

সড়কের উত্তর প্রান্তে বাজারের কাছে দেখা গেল বিশাল আকৃতির গর্ত। সেখানে রিকশা-অটোরিকশা দূরে থাক, বাস পর্যন্ত চলছে ঝুঁকি নিয়ে। দোকানিরা জানান, যানবাহন নিয়মিতভাবেই সেখানে পড়ে যায়। এ ছাড়া বেপরোয়াভাবে কোনো বাস চলতে গেলেই তাঁদের দোকানঘরে রাস্তার ময়লা পানি ঢুকে পড়ে।

দেখা গেল, যাত্রাবাড়ী-টঙ্গী-গাজীপুর রুটের বেশ কিছু বাস সে পথে চলাচল করছে। বিশেষ করে তুরাগ সিটিং সার্ভিস, ছালছাবিল, অনাবিল পরিবহনের বাসগুলো ভাঙা রাস্তায়ও বেপরোয়াভাবে চলছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, বারিধারা জে-ব্লকে অনেক লোকের বসবাস হলেও সেখানে ড্রেনেজ লাইন নেই। আশপাশের পুরো এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার স্থায়ী সমাধানে স্ট্রম স্যুয়ার লাইন করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে শাহজাদপুরে দিনের বেলায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ব্যবস্থাপনার অভাবে জনদুর্ভোগ যদি বেড়ে থাকে, নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।