ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটির কার্যকর প্রয়োগে তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। অপেক্ষাকৃত নতুন আইন দুটিকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা দরকার। গতকাল বৃহস্পতিবার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কার্যকর প্রয়োগে তথ্য অধিকার আইনের ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় দেশের অর্থনীতিবিদ, বিচারক ও নাগরিক সংগঠনের নেতারা এই তাগিদ দেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি আইন দুটিকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে বলেন, উভয় আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। এটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, সংবিধানের আলোকে জনগণের মৌলিক অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। তবে ভোক্তা অধিকার আইনের বেশ কিছু অস্পষ্টতা রয়েছে বলেও মনে করেন বিচারপতি আহমেদ। আইন দুটির সঠিক প্রয়োগে প্রযুক্তির সহায়তা নেওয়ার তাগিদ দেন সভার বিশেষ অতিথি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধ তৈরি হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, সৎ ব্যবসায়ীরাই ভালো অর্থনীতি তৈরি করতে পারে। মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। কিন্তু আমাদের শুধু আয় বাড়ানোর দিকে নজর দিলে চলবে না। সুশাসন ও নাগরিক অধিকারের দিকেও নজর দিতে হবে। আইন দুটির প্রয়োগে জোরালো প্রতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলে সুশাসন অর্জনে তা ইতিবাচক হতে পারে।’সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল বাতেন মিঞা বলেন, ভোক্তাদের অভিযোগ শুনে তাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নজির অধিদপ্তর স্থাপন করেছে বলে জানান বাতেন মিঞা। এই আইন দুটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে অভিযোগের নিয়মগুলো আরও সহজ করার তাগিদ দেন সভার আলোচক ব্যারিস্টার মুনতারসিরউদ্দিন। ক্যাবের সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।