ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাউরুটি তৈরি হচ্ছিল গতকাল বুধবার। অথচ প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পশ্চিম আগারগাঁওয়ের ডি স্বাদ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান পাউরুটি, বিস্কুট ও কেক তৈরিতে বিএসটিআই থেকে অনুমোদন নেওয়ার পর সনদ আর তা নবায়ন করেনি। এ ছাড়া মেঝেতে একটি বিছানায় কর্মচারীরা পাউরুটির মোড়কবন্দী করছিলেন। মেঝে ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। সেখানকার গুদামঘরে ইঁদুরের মাটি ও অসংখ্য তেলাপোকা দেখা গেছে। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন।এদিকে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নবাবপুর রোডের ভাই ভাই ইলেকট্রিক মার্কেটের গাজী ইলেকট্রিক স্টোরে অভিযান চালান। সেখানে দুটি স্বনামখ্যাত প্রতিষ্ঠানের নাম লেখা নকল বৈদ্যুতিক তার উদ্ধার করেন আদালত। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন ও জসিম উদ্দিন। এতে সহায়তা করেন বিএসটিআইয়ের কয়েকজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের দুটি দল। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর আফতাবনগরে সুপার চট্টলা বেকারিতে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কুট তৈরি করায় আদালত প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এরপর আদালত রিফাত ট্রেড ইন্টারন্যাশনাল ও আলিফ করপোরেশন নামে দুটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। একটি প্রতিষ্ঠান অনুমোদন নেওয়ার পর আর নবায়ন করেনি এবং অপরটি এক নামে অনুমোদন নিয়ে অপর কোম্পানির মোড়ক ব্যবহার করায় প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।