ভোগ্যপণ্য বিপণনে নানা রকম ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রী-সচিবের সমন্বয়ে প্রতিনিধিদল রাজধানীর চারটি বাজার পরিদর্শন করে। তারা ভোগ্যপণ্যের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি পেয়েছে। তারা বিক্রেতাদের ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি করতে নিষেধ করে। রাজধানীর কারওয়ানবাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘নকল, ভেজালকারী, যারা ওজনে কম দিয়ে ভোক্তাদের ঠকায় এবং কোনো কারণ ছাড়া পণ্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করা হয়েছে। কোনো ভোক্তা পণ্য কিনে প্রতারিত হলে অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ করতে পারবেন। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে রাজধানীর কারওয়ানবাজার সামিট সেন্টারের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সচেতনতামূলক স্লোগান লেখা প্লাকার্ড। শোভাযাত্রাটি ২ নম্বর ডিআইটি মার্কেটের দক্ষিণ পাশ দিয়ে পূর্ব পাশের রাস্তা হয়ে উত্তরে যাওয়ার সময় একটি চালের দোকানে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা চালের বস্তা দেখতে পায়। তবে বিক্রেতা মন্ত্রীকে জানান, চাল উত্তরবঙ্গ থেকে আনা হয়েছে। প্রতি কেজি চাল ২৪ টাকায় বিক্রি হচ্ছে বলে বিক্রেতা মন্ত্রীকে জানান। পরে মন্ত্রী শুঁটকি মাছের বাজারে যান। মাছে কোনো ত্রুটি আছে কি না, তা দেখতে বিএসটিআইয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু সেখানে কোনো ত্রুটি পাওয়া যায়নি। পরে মন্ত্রী পাইকারি কাঁচাবাজার পরিদর্শন করেন। সেখানে কাঠের দাঁড়িপাল্লা দেখে তা দ্রুত পরিবর্তন করার নির্দেশ দেন। গতকাল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া ও বিএসটিআই ও ক্যাবের একটি প্রতিনিধিদল। এ ছাড়া বাণিজ্যসচিব গোলাম হোসেনের নেতৃত্বে একটি দল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নিউমার্কেটে কাঁচাবাজারে যায়। সেখানে পণ্য কেনার সময় ভোক্তাদের ওজন, উত্পাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে কি না, সে বিষয়ে সচেতন করা হয়। সেখানে প্রতি কেজি চিনির দাম চার টাকা ব্যবধান দেখে সচিব ক্ষোভ প্রকাশ করেন। বাটখারায় বিএসটিআইয়ের নির্ধারিত মাত্রা না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন। এ সময় বণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই, ক্যাব ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিকে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর মোহাম্মদপুর বাজার পরিদর্শন করে। প্রতিনিধিদল মাংসের দোকানে বাটখারায় ত্রুটি দেখতে পায়। এ ছাড়া চাল ওজনের স্কেল সঠিক ছিল না, মার্কস গুঁড়া দুধ, ফ্রেশ গুঁড়া দুধের প্যাকেটের গায়ে কোনো খুচরা মূল্য লেখা দেখতে পায়নি তারা।